ঢাকা ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় আবু জান্দালের মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য জঙ্গি তামিম ও বুলবুলকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক এ আদেশ দেন। টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার মামলাটির তদন্ত কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবির গত বৃহস্পতিবার তামিমের ৬ দিনের ও বুলবুলের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নানের সহযোগী মুফতি মঈনুদ্দিন ওরফে আবু জান্দাল টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় হোসাইন আহাম্মেদ তামিম (২৯) ও আবুল কালাম আজাদ বুলবুল (৩৬) এর সম্পৃক্ততা সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য দিয়েছে।
তাকে গত ১৯ ফেব্র"য়ারি ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, তামিমকে এর আগে দুই দফায় ৯দিন এবং বুলবুলকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আবু জান্দালকে গ্রেপ্তার করা হয়।
তামিম যশোর কোতয়ালি থানার শ্যামনগরের মাওলানা আবদুর রউফ এবং বুলবুল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুরের মুন্সি আতর আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২০২৬ ঘ.
bdnews24