ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ছয় দিনের সফরে ভারত গেছেন।
রোববার জেট এয়ারওয়েজের একটি বিমানে নতুন দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
সেনাপ্রধানের সঙ্গে রয়েছেন স্ত্রী নাজনীন মইন এবং সামরিক বাহিনীর চার কর্মকর্তা। সেনাপ্রধানকে বহনকারী জেট এয়ারওয়েজের উড়োজাহাজটি বেলা ১২টা ৮ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
জেট এয়ারওয়েজের বিমানবন্দর সুপারভাইজার অরুণ সোম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাবাহিনী প্রধানসহ ছয় জন আমাদের বিমানে নয়াদিল্লি যাচ্ছেন।"
জেট এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার দেবাশীষ দাস টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাপ্রধানকে বহনকারী বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্ত কলকাতায় প্রচণ্ড কুয়াশার কারণে বিমানটি দেরিতে ঢাকায় পৌঁছায়। সে কারণে নির্ধারিত সময়ের পর বিমানটি ঢাকা ছেড়েছে।"
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, সফরকালে জেনারেল মইন উ আহমেদ ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ও প্রতিরক্ষামন্ত্রী একে আন্তনির সঙ্গে জেনারেল মইন সৌজন্য সাক্ষাৎ করবেন বলে পিটিআই জানায়।
এছাড়া ভারতের সেনাপ্রধান জেনারেল দীপক কাপুর, নৌপ্রধান সুরেশ মেহতা ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ফালি হোমি মেজরের সঙ্গেও জেনারেল মইনের বৈঠকের কথা রয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় জেনারেল মইন উ আহমেদকে ভারতের সেনাসদর দপ্তরে গার্ড অফ অনার দেওয়া হবে।
ওই সময় ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপহার হিসেবে কয়েকটি ঘোড়া হস্তান্তর হবে।
ভারতের সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'হিন্দুস্থান টাইমস' জানায়, ভারতের পক্ষ থেকে মোট ছয়টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেওয়া হবে। এর মধ্যে দুটি স্টালিয়ন ও চারটি মেয়ার।
প্রতিটি স্ট্যালিয়নের দাম এক কোটি টাকা বলে পত্রিকাটি জানায়। এদের একটির নাম "আরজু' এবং অপরটির নাম 'বলীয়ন্ত'।
ভারতের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নারায়ণ মোহন্ত পত্রিকাটিকে জানিয়েছেন, "বাংলাদেশ সেনাবাহিনীর ঘোড়াগুলোর ক্রীড়া দক্ষতার উন্নয়নে উপহার হিসেবে বিশেষভাবে এ ছয়টি ঘোড়া নির্বাচিত করা হয়েছে।"
সেনাপ্রধানের ভারত সফরের বিষয়ে ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কোনও বিবৃতি প্রকাশ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরএ/এমআই/১৬১০ ঘ.
bdnews24