রংপুর, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান সংকট নিরসনে জামায়াত ছাড়া সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্য নেতাদের নিয়ে এখনই জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, এ জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকেই উদ্যোগ নিতে হবে।
শনিবার সন্ধায় রংপুরের বাসা 'পল্লী নিবাস' সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এরশাদ এ কথা বলেন।
তিনি বলেন, "বর্তমান অবস্থায় জাতীয় সরকার গঠন করার কোন বিকল্প নেই। কারণ দেশ এখন নানা সংকটে নিমজ্জিত।" এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হলে সকল সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়ায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান নির্বাচন কমিশনের প্রশংসা করেন। যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত জামাত নেতা নিজামী, মুজাহিদসহ অন্যদের সংলাপে আমন্ত্রণ না জানাতে নির্বাচন কমিশনের প্রতি তিনি আহবান জানান।
তিনি বলেন, "দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা যেতে পারে। এর জন্য নতুন আইনের কোন প্রয়োজন নেই।"
এরশাদ জরুরি অবস্থা প্রত্যাহারের দাবির বিরোধিতা করে বলেন, "আমরা আবারও ওয়ান ইলেভেনের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। এর আগেও সামরিক শাসনের মধ্যে (মার্শাল ল) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আমরা কালোটাকা ও পেশী শক্তি মুক্ত নির্বাচন চাই। আশা করি আগামী নির্বাচনে সৎ যোগ্য ব্যক্তিরা সংসদে নির্বাচিত হয়ে আসবেন। এ জন্য প্রয়োজনে নির্বাচন পেছালেও কোন সমস্যা নেই।"
তিনি বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন করতে হবে তা মনে করেন না তিনি। তার মতে, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সময়ের প্রয়োজন রয়েছে।
এরশাদ বলেন, "আমরা লুটেরা ডাকাতদের সংসদে চাই না। দূর্নীতির দায়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে সূনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিচার হওয়া উচিত। কারণ দূর্নীতিবাজদের বিচার করে শাস্তি দেওয়া না গেলে দেশ আবারও ওয়ান ইলেভেনের আগের অবস্থায় ফিরে যাবে। আর দূর্নীতিবাজরা আবারও কালো টাকা আর পেশী শক্তির জোরে নির্বাচিত হয়ে সংসদ দখল করে নেবে। এতে দেশে আবারও অরাজকতা সৃষ্টি হবে। দেশের মানুষ এমন নৈরাজ্যকর পরিস্থিতি আর দেখতে চায় না।"
মহাজোট সম্পর্কে তিনি বলেন, "আমরা মহাজোটে ছিলাম। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হলে দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।"
বিএনপি ও জামায়াতের সঙ্গে আবারও জোট করবেন কিনা জানতে চাইলে এরশাদ বলেন, "জামায়াতের সাথে নির্বাচনী জোট করার প্রশ্নই ওঠে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24