ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুধু সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, অর্থবহ পরিবর্তনের জন্য যুদ্ধাপরাধীসহ অশুভ শক্তি বাদে সবার মধ্যে সংলাপ হতে হবে। এ অভিমত দিলেন গণফোরাম সভাপতি আইনজ্ঞ ড. কামাল হোসেন।
মহান একুশ উপলক্ষে শনিবার বিকালে গণফোরাম কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতির বক্তৃতায় ড. কামাল বলেন " গণফোরাম সরকারের সঙ্গে সংলাপে বসার আগে রবিবার থেকেই বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসবে।"
"মহান একুশের প্রেক্ষিতে জাতীয় ঐক্য" শীর্ষক এই আলোচনায় আরও বক্তৃতা করেন গণফোরাম নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম, পঙ্কজ ভট্টাচার্য, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আব্দুর রউফ, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।
ড. কামাল হোসেন বলেন " সামন্ততান্ত্রিক গণতন্ত্র নয় জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। একুশের চেতনায় দেশের অর্থবহ পরিবর্তন আনতে হবে।"
'৫২, '৭১ সালের পরাজিতদের উত্তরসুরীরা আজও ষড়যন্ত্র করছে উল্লেখ করে এই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রবীণ এ নেতা।
সুস্থ রাজনীতির ওপর দেশের ভবিষ্যত নির্ভর করছে মন্তব্য করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২০১৩ঘ.
bdnews24