ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্র"য়ারিকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে জাতিসংঘে প্রস্তাব দেবে বাংলাদেশ।
মাতৃভাষা দিবস ও 'বঙ্গবীর' আতাউল গনি ওসমানীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী এ কথা জানান। রাজধানীর বিয়াম মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, " জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী সভায় প্রস্তাবটি উত্থাপন করা হবে।"
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদ আয়োজিত 'দুর্নীতি প্রতিরোধে মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের করণীয়' শীর্ষক এই বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, লায়নস ওমর সাফায়েত কাওছার, শিল্পী নমিতা ঘোষ, বিদ্যুৎ চৌধুরী প্রমুখ। পরিষদের চেয়ারম্যান মোস্তফা আল্লামা এতে সভাপতিত্ব করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন "মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংঘর্ষের রাজনীতি পরিহার করে দেশে নতুন ধারার রাজনীতি চালু করতে হবে। প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।"
বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "বর্তমানে যে দুর্নীতিবিরোধী অভিযান চলছে তাকে আমরা স্বাগত জানাই। আসুন এটাকে আমরা গণআন্দোলনে রূপান্তরিত করি।"
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ইফতেখার আহমদ চৌধুরী, বিচারপতি হাবিবুর রহমান খান, হামিদুল্লাহ খান, আমিন আহমেদ চৌধুরীসহ দশজনকে সম্মাননা দেয় মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এসকে/২০০৭ঘ.
bdnews24