২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে খামারে অজ্ঞাত রোগে ১৫০০ মুরগির মৃত্যু

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অজ্ঞাত রোগে ১৫০০ মুরগি মারা গেছে। এসব মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অজ্ঞাত রোগে ১৫০০ মুরগি মারা গেছে। এসব মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মতলব উত্তর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরাজীকান্দি ইউনিয়নের শাখারী পাড়া গ্রামের আব্দুল হালিমের খামারের ১৫০০ মুরগি অস্বাভাবিকভাবে মারা গেছে। তবে এসব মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছে কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত নন। তিনি বলেন, "আমরা আজ (বৃহম্পতিবার) ওই খামারের মৃত মুরগি পরীক্ষার জন্য ঢাকায় পাঠাবো। যে সব মুরগি মারা গেছে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এখন ওই খামারে মাত্র ১০টি মুরগি জীবিত আছে।" আশরাফুল ইসলাম আরও জানান, আব্দুল হালিমের ১৫০০ মুরগি একদিনে মারা যায়নি। কয়েক দিনে এসব মুরগি মারা গেছে। ১৮ ফেব্র"য়ারি প্রথমে হালিমের খামারের কিছু মুরগি মারা যায়। বিষয়টি তিনি গোপন রাখেন। পরে আরও মুরগি মারা গেলে তিনি পশুসম্পদ কার্যালয়ে আসেন। পশুসম্পদ কর্মকর্তারা তার খামার পরিদর্শন করেন এবং রানীক্ষেত রোগ সন্দেহে এন্টিবায়েটিক দেন। তাতে কোন কাজ হয়নি। মুরগি মারা যাওয়া অব্যাহত থাকে। সর্বশেষ বুধবার রাতে ১০টি মুরগির মৃত্যু হয়। তিনি বলেন, "ওই খামারের আশপাশে এক বর্গকিলোমিটার এলাকায় আমরা অভিযান চালাই, কিন্তু আর কোথাও মুরগি মারা যাওয়ার খবর পাইনি।" এ ঘটনার পর পুরো উপজেলায় বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার মুরগি বা ডিম যাতে বাইরে না যেতে পারে এবং বাইরে থেকে যাতে এখানে না আসতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খবর শুনে আজ (বৃহস্পতিবার) শাখারী পাড়া গ্রামের ওই খামারটি পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পশু সম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে।" জেলা পশু সম্পদ কর্মকর্তা এবিএম জানে আলম বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৃত মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় পাঠানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.