সাভার, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাসস্ট্যান্ড থেকে আমিনবাজার পর্যন্তঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্নস্থানে বুধবার ছয়টি সিএনজি রূপান্তর কারখানায় অভিযান চালায় বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা।
একটি কারখানা থেকে তিনটি ও একটি ট্রাক থেকে দুটি অননুমোদিত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
বুধবার বেলা ২টার দিকে অভিযান চালানো হয় রাজ ফুলবাড়িয়ার সারমানো ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং প্রাইভেট লিমিটেড কনর্ভাশন সেন্টারে। সেখান থেকে তিনটি অননুমোদিত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানের মালিক দিপক কুমার বা কর্মচারিদের কাউকেই পাওয়া যায়নি।
এরপর অভিযান চলে রাজ ফুলবাড়িয়ার অল্টারনেটিভ এনার্জি ম্যানেজমেন্ট লিমিটেড, বলিয়ার পুরের এম এস আর সালিন সিএনজি কনভার্শন সেন্টার ও এম এ আজিজ সিএনজি কনর্ভাশন সেন্টারে। সবশেষে আমিনবাজারে নির্মাণাধীন ওন লাইন সিএনজি কনর্ভাসশন সেন্টারের সামনে বালু বহনকারী একটি ট্রাক থেকে দুটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বী মিয়া জানান, ১৬ ফেব্র"য়ারি সাভারে এনার্জি প্লাস সিএনজি সেন্টারে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও চারজন আহত হয়। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কারখানাগুলোতে অভিযান চালানো হচ্ছে।
সাভারের সবগুলো অনুমোদনবিহীন কারখানায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।
বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক প্রকৌশলী মো. নুরুজ্জামান জানান, যে সিলিন্ডারগুলো জব্দ করা হয়েছে সেগুলো কার্বন ডাই অক্সাইড রাখার জন্য তৈরি। ২০০৫ সালের সরকারি বিধিমালা অনুযায়ী এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।
মো. রাব্বী মিয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক প্রকৌশলী মো. নুরুজ্জামান, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনর্ভাশন ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন, হিসাব রক্ষক আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী রাকিব হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৫২ ঘ.
bdnews24