২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজি প্রেসের ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ গণতন্ত্র ও সুশাসনের চালিকা শক্তি হিসেবে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন রচনায় সহায়তা করে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুদ্রণ লেখসামগ্রী ফরম ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ গণতন্ত্র ও সুশাসনের চালিকা শক্তি হিসেবে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন রচনায় সহায়তা করে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুদ্রণ লেখসামগ্রী ফরম ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। ওয়েব ঠিকানাটি হচ্ছে "http://www.bgpress.gov.bd" এই ওয়েবসাইটে বিজি প্রেস থেকে প্রকাশিত বাংলাদেশের গেজেট, আইন ও বিভিন্ন ধরনের ফরম প্রকাশ করা হবে। প্রয়োজনে সেগুলোর প্রিন্টও নেয়া যাবে। প্রথম পর্যায়ে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত বাংলাদেশের গেজেট, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭, মোবাইল কোর্ট অধ্যাদেশ ২০০৭, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য ২০০৭ সালে জারি করা ৪টি বিধিমালা এবং ফৌজদারী কার্যবিধি (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০০৭ এই এ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পর্যন্ত প্রকাশিত বাংলাদেশের সব গেজেট, বিধি, আইন ও জনপ্রশাসনের প্রয়োজনীয় সব ফরম ওয়েব সাইটে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে। এছাড়া নতুন বিধি-বিধান চূড়ান্ত করার আগে খসড়া বিধির ওপর জনমত যাচাইয়ের ব্যবস্থা করা হবে এই সাইটের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "রেগুলেটরি রিফর্ম কমিশনের প্রথম পরামর্শ ছিল একটি ওয়েব সাইট খুলে তাতে সরকারি গেজেট, আইন ও সরকারি ফরম প্রকাশের ব্যবস্থা করা।" বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বর্ধিত প্রয়োগের মাধ্যমে দেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। ফখরুদ্দীন আহমদ বলেন, "তথ্য জানার অধিকার যে কোনো নাগরিকের আছে। এটা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান 'সিটিজেনস চার্টার' তৈরি করে ইতোমধ্যে তা অনুসরণ করতে শুরু করেছে। এর মাধ্যমে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত হচ্ছে।" তিনি বলেন, "আমরা তথ্য অধিকার আইন প্রণয়নের লক্ষ্যে কাজ করছি। এছাড়া পুরাতন অপ্রয়োজনীয় ও জটিল বিধি-বিধানগুলোর সংস্কার করে আধুনিক ও যুগোপযোগী করার জন্য আমরা রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করেছি।" সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, "কর্মকর্তাদের মনে রাখতে হবে, একটি সৎ, দক্ষ ও জ্ঞাননির্ভর প্রশাসনই দেশে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।" রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলী খান, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, সংস্থাপন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়েব সাইটটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/কিউএইচ/জেকে/এমএ /১৬৪৫ ঘ.