সিলেট, ফেব্র"য়ারি ২০ (বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
শিক্ষার্থীরা জানায়, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রদল নেতা আবিদ আব্দুল্লাহ নৃবিজ্ঞান বিভাগের রানা নামে এক ছাত্রকে মারধর করলে ছাত্রলীগ নেতা মঞ্জুর তাতে বাধা দেয়। তখন আবিদের সঙ্গী ছাত্রদলকর্মীরা মঞ্জুরকেও মারধর করে।
ছাত্রলীগ এ ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানায়।
এর পর দুপুর আড়াইটার দিকে আবিদ আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্রদলকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ছাত্রলীগকর্মীরাও সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায়।
দুই পক্ষের সংঘর্ষে আাশিকুর রহমান, রাহাত, সৌমিত্রসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে রাহাতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে রাবার বুলেট ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫৫৮ ঘ.
bdnews24