২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুরশীদ জাহান হকের ব্যক্তিগত সহকারী রওশনের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পত্তির তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের অভিযোগে প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের ব্যক্তিগত সহকারী মো. মোখলেসুর রহমান রওশনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের অভিযোগে প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের ব্যক্তিগত সহকারী মো. মোখলেসুর রহমান রওশনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর কার্যালয়ের উপ পরিচালক মো. কামরুল আহসান সোমবার রাতে কোতয়ালী থানায় মামলাটি করেছেন। মামলা নম্বর-২৮। এটাই দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের প্রথম মামলা। মামলার অভিযোগে বলা হয়, মোখলেসুর রহমান রওশন দুদকে যে সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন এর মধ্যে ২২ লাখ ৮৮ হাজার ৫'শ টাকার সম্পত্তি তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি জ্ঞাত আয় বহির্ভুত ৪৮ লাখ ১৭ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্জন করেছেন। দুদকের উপ পরিচালক কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোখলেসুর রহমান রওশন গত বছর ২৩ অক্টোবর সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন। বিবরণীতে তার সম্পত্তির পরিমাণ এক কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৩১৩ টাকা ১৫ পয়সা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে মোখলেসুর রহমানের এক কোটি ৬ লাখ তিন হাজার ৮৮৩ টাকা ৫০ পয়সার বৈধ সম্পত্তির তথ্য পাওয়া গেছে। কামরুল আহসান জানান, মোখলেসুর রহমানের বিরুদ্ধে আরও একটি অভিযোগের তদন্ত চলছে। তার বিরুদ্ধে দিনাজপুরে মহিলা হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের জমি অধিগ্রহণে সরকারের আর্থিক অপচয় এবং নিজে লাভবান হওয়ার অভিযোগের প্রমাণ মিলেছে। তিনি জানান, দুদকের অনুসন্ধানে দিনাজপুর সদর উপজেলার সুবড়া মৌজায় ২০০৪ সালের ৬ নভেম্বর অর্থ ঋণ আদালতের মাধ্যমে তিনি ১৮ দশমিক ৫৯৫ একর জমি কিনেন ১৯ লাখ টাকায়। মাত্র এক বছর পর ২০০৫ সালের ২৯ জুন সেই জমি থেকে তিন দশমিক ৪৯৫ একর জমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিগ্রহণ করে তাকে ৭১ লাখ ৫১ হাজার ২৩৩ টাকা ৫০ পয়সা পরিশোধ করে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর মোখলেসুর রহমান রওশন আত্মগোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১০ ঘ.