ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারপ্রাপ্ত আইনসচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আদালত বলেছে, তাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্বের জন্য সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া হয়। কিন্তু তাকে ভারপ্রাপ্ত সচিব করার পক্ষে মতামত দেওয়া হয়। এতে মতামত চাওয়া ও মতামত দেওয়ার ক্ষেত্রে বৈসাদৃশ্য হয়েছে।
আদালত আরও বলেছে, আওয়ালকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগের জন্য যে মতামত দেওয়া হয়েছিল সেটি সুপ্রিম কোর্টের নয়। প্রধান বিচারপতির।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আফতাবউদ্দিনের করা একটি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ করে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ সোমবার এ রায় দেয়।
হাবিবুল আওয়ালকে গত ২৮ জুন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়।
এর বৈধতা নিয়ে আফতাবউদ্দিন গত ৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত ৭ জুলাই ভারপ্রাপ্ত আইন সচিবের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে সরকার ও কাজী হাবিবুল আওয়ালের প্রতি রুল জারি করে।
রিটের চূড়ান্ত শুনানি গ্রহণ শেষে হাইকোর্ট সোমবার বলেছে, সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির বিধিমালা ২০০২ অনুসারে কাজী হাবিবুল আওয়াল পদোন্নতি পাওয়ার যোগ্য নন।
কাজী হাবিবুল আওয়ালকে ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া আইনানুগ হয়নি ঘোষণা করে রায়ে বলা হয়, কাজী হাবিবুল আওয়ালকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্বের জন্য সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া হয়। কিন্তু রেজিস্ট্রার তাকে ভারপ্রাপ্ত সচিব করার মতামত দেন। রায়ে এরপর বলা হয়, 'সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কীভাবে কাজী হাবিবুল আওয়ালকে ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগের জন্য প্রস্তাব করেন? নিয়োগের মতামত চাওয়া ও মতামত দেওয়ার ক্ষেত্রে বৈসাদৃশ্য দেখা গেছে। বিষয়টি তদন্ত হওয়া উচিত।'
এজন্য প্রধান বিচারপতির কাছে রায়ের কপি পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ ছাড়া রায়ের কপি দ্রুত আইন উপদেষ্টা ও সংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) কাছে পাঠাতেও বলা হয়েছে।
আদালত রায়ে আরও বলেছে, 'কাজী হাবিবুল আওয়ালকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগের জন্য যে মতামত দেওয়া হয়েছে সেটি সুপ্রিম কোর্টের নয়। প্রধান বিচারপতির। কারণ সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট অর্থ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। উভয় বিভাগের বিচারপতি মিলে সুপ্রিম কোর্ট। কিন্তু হাইকোর্টের এই বেঞ্চের বিচারপতি দুজন ওই মতামতের বিষয়ে কিছু জানেন না।'
রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীর আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে কাজী হাবিবুল আওয়াল আর ভারপ্রাপ্ত আইন সচিব থাকছেন না। তবে তিনি আগের অতিরিক্ত সচিব পদে থাকতে পারবেন।"
রিটকারীর পক্ষে আজমালুল হোসেন কিউসিও শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। কাজী হাবিবুল আওয়ালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২৩২৮ ঘ.
bdnews24