কক্সবাজার, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরতলীর দক্ষিণ কুতুবদিয়া পাড়ায় সোমবার খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের নয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তিন শিশু এখনও হাসপাতালে ভর্তি আছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিসবাহ উদ্দিন জানান, কুতুবদিয়া পাড়ার শুটকি ব্যবসায়ী আবুল কাশেমের পরিবারের নয় সদস্য সকাল ৮টার দিকে শুটকি মাছের বাসি তরকারি দিয়ে পানতা ভাত খায়। খাওয়ার পরপরই পরিবারের শিশুসহ নয় সদস্য অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রত্যেকেরই পাতলা পায়খানা ও বমি শুরু হয়। স্থানীয় লোকজন সকাল ১১টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসে।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিন শিশু সুস্থ রয়েছে।
আক্রান্তরা হলেন- গৃহকর্তা আবুল কাশেম (৪৬), তার স্ত্রী মছুরা বেগম (৪০), ছেলে বউ ইয়াসমিন (২২), মেয়ে জামাই আবদুল্লাহ (২৬), ছেলে ওবায়দুল করিম (১২), আজিজুল হক (১০), রেজাউল করিম (৮) ও সেজাউল করিম (৭) এবং আবুল কাশেমের মেয়ে কাজলের শিশুপুত্র নুর কাদের (২)। এদের মধ্যে শেষের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24