খুলনা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় সোমবার সাক্ষ্য নেওয় হয়েছে। সাক্ষ্য দিতে না আসায় সমন জারি করা হয় অপর দুই সাক্ষীর বিরুদ্ধে।
খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. শফিউদ্দিন খুলনা মহানগর পুলিশের খালিশপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. নেছারউদ্দিন ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক চিত্ত রঞ্জন পালের সাক্ষ্য নেন। সময় স্বল্পতার কারণে মামলার অপর সাাক্ষী খুলনা সদর থানার উপ-পরিদর্শক কেশব চক্রবর্তীকে জেরা করা সম্ভব হয়নি।
বেলা ১১ টায় মেয়র তৈয়েবুর রহমানকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী অ্যাডভোকেট সরদার ইউনুস, মঞ্জুরুল আলম ও মঞ্জুর আহমেদ সাক্ষীদের জেরা করেন।
এদিকে মামলার দুই সাক্ষী ফেরদৌস আলম মিলন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিবু প্রসাদ দত্তকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। আগামী ২৭ ফেব্র"য়ারী মামলার সাক্ষ্য নেওয়া শেষ হবে।
গত বছর ২ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তৈয়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১১টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24