২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকায় নাম থাকলেই কাউকে দুর্নীতিবাজ বলা যায় না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দুর্নীতি দমন কমিশনের তালিকায় নাম থাকলেই কাউকে দুর্নীতিবাজ বলা যায় না। এটা প্রমাণসাপেক্ষ বিষয়। সোমবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দুর্নীতি দমন কমিশনের তালিকায় নাম থাকলেই কাউকে দুর্নীতিবাজ বলা যায় না। এটা প্রমাণসাপেক্ষ বিষয়। সোমবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। আগামী বাজেটে নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি, পানি ও মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টির খাতগুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে এসময় উপদেষ্টা জানান। তিনি আরও জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। অর্থনীতি চাপের মধ্যে রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টি করে এমন স্বল্পমেয়াদি বিনিয়োগকে সরকার উৎসাহিত করার চেষ্টা করছে। অর্থনৈতিক রিপোর্টারদের মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "দুর্নীতি দমন কমিশন বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করে। ফলে কারো ব্যক্তিগত অভিযোগ থেকেও কোনো নাম তালিকায় আসতে পারে। ফলে দুর্নীতি দমন কমিশনের তালিকায় নাম থাকলেই কাউকে দুর্নীতিবাজ বলা যায় না। এটা প্রমাণসাপেক্ষ বিষয়।" দেশের অর্থনীতির গতিশীলতা এবং বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে সরকার গঠিত বেটার বিজনেস ফোরামের (বিবিএফ) কারো কারো নাম দুর্নীতি দমন কমিশনের তালিকায় রয়েছে- সাংবাদিকরা এ তথ্য জানালে উপদেষ্টা এ মন্তব্য করেন। আগামী বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাড়ানো হবে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সরকার কৃষি খাতে সরাসরি কোনো ভর্তুকি দেয় না, আর্থিক সহায়তা দেয়। কৃষি উৎপাদন বাড়াতে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।" অপর এক প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "বাজেটের কোথাও কোনো কাট-ছাঁট করা হচ্ছে না, বাজেট পর্যালোচনা করা হচ্ছে। আগামী অর্র্থবছরের বাজেটেও তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।" এশিয়া এনার্জি ও টাটার বিনিয়োগ প্রস্তাব এবং ফুলবাড়ি কয়লা খনি বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, "কয়লা নীতি এখনও চূড়ান্ত হয়নি। এটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের বিনিয়োগ প্রস্তাব নিয়ে সরকার কিছু ভাবছে না।" সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে চাল, ভোজ্য তেল, পেঁয়াজ, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার এর নেতিবাচক প্রভাব ব্যক্তি খাত থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতেও পড়েছে। এ অবস্থায় সরকার মহার্ঘ্য ভাতা বাড়ানোর বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনায় আনবে।" কর্মসংস্থান সৃষ্টি করে এমন স্বল্পমেয়াদি বিনিয়োগকে সরকার উৎসাহিত করার চেষ্টা করছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, "সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু বিনিয়োগ প্রস্তাবও পাওয়া গেছে। বেটার বিজনেস ফোরামের কার্যক্রম গতিশীল হলে এ ক্ষেত্রে আরও অগ্রগতি হবে।" সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে ইআরএফ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি জাকারিয়া কাজল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/এমআই/এসকে/১৫৫৮ঘ.