২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ শয্যায় মান্না

নিজগ্রামে বাবার কবরের পাশে শায়িত হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্না। এলেঙ্গা হাইস্কুল মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে বেলা সাড়ে পাঁচটায় গ্রামের বাড়ি বাগানবাড়ির পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়। এর আগে বিকেল পৌনে চারটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার তৃতীয় নামাজে জানাজা। উপচে পড়া ভিড়ের কারণে সেখানে মাত্র পাঁচ মিনিট রাখা হয় প্রয়াত এই আভিনেতার মরদেহ। (আরো তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজগ্রামে বাবার কবরের পাশে শায়িত হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্না। এলেঙ্গা হাইস্কুল মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে বেলা সাড়ে পাঁচটায় গ্রামের বাড়ি বাগানবাড়ির পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়। এর আগে বিকেল পৌনে চারটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার তৃতীয় নামাজে জানাজা। উপচে পড়া ভিড়ের কারণে সেখানে মাত্র পাঁচ মিনিট রাখা হয় প্রয়াত এই আভিনেতার মরদেহ। টাঙ্গাইল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কে এস রহমান শফি জানান, দুপুর তিনটা ১০মিনিটে মান্নার মরদেহ নিয়ে ইউনাইটেড হাসপাতালের অ্যাম্বুলেন্স টাঙ্গাইল শহরে পৌঁছায়। সাড়ে তিনটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হয় কালিহাতী উপজেলার এলেঙ্গায়। সেখানে এলঙ্গা হাইস্কুল মাঠে চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাকে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হয়। এর আগে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) দুই দফা নামাজে জানাজা শেষে দুপুর একটার দিকে সদ্যপ্রয়াত মান্নার মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা হন স্বজন ও সহকর্মীরা। সকালে বরেণ্য এই অভিনেতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার উদ্দেশে রাখার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনায় এনে সরাসরি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। এর আগেই প্রিয় এই অভিনেতার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হবে জানতে পেরে সেখানে জড়ো হয় মান্নার হাজার হাজার ভক্ত। সকালে মান্নার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা মান্নাভক্তদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষও হয়। ওই সময় ভক্তরা এফডিসিতে ঢুকতে চাইলে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। রোববার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মান্না মারা যান। তার পুরো নাম এ এস এম আসলাম তালুকদার। তিনি প্রায় চার শ' ছবিতে অভিনয় করেন। ২০০৫ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র বিজয়ী এ অভিনেতা স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। চিত্রনায়ক মান্নার মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সচিব শরফুল আলম, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/এমএ/১৮০০ ঘ.