২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুর ক্ষতিপূরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খামারিদের

বার্ড ফ্লু আক্রান্ত খামারের ক্ষতিপূরণ নির্ধারণে পশুসম্পদ কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন মুরগি খামারের মালিকরা। রোববার কয়েকজন খামারি বলেছেন, পশুসম্পদ কর্মকর্তারা কিছু খামারির সঙ্গে যোগসাজশে বার্ড ফ্লু আক্রান্ত মুরগির সংখ্যা বাড়িয়ে বলেন। তারপর ওই বাড়তি মুরগির জন্য সরকার থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকা ভাগাভাগি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু আক্রান্ত খামারের ক্ষতিপূরণ নির্ধারণে পশুসম্পদ কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন মুরগি খামারের মালিকরা। রোববার কয়েকজন খামারি বলেছেন, পশুসম্পদ কর্মকর্তারা কিছু খামারির সঙ্গে যোগসাজশে বার্ড ফ্লু আক্রান্ত মুরগির সংখ্যা বাড়িয়ে বলেন। তারপর ওই বাড়তি মুরগির জন্য সরকার থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকা ভাগাভাগি করেন। পশুসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ অবশ্য এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। সরকার নিধন করা প্রতিটি মুরগির জন্য খামারিকে ৬০ থেকে ৯৫ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিচ্ছে বলে জানান পশুসম্পদ দপ্তরের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন খামারি বলেছেন, বার্ড ফ্লু চিহ্ণিত ও নিধন করার দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রায়ই খামারের ভাল ভাল মুরগি বেছে খাওয়ার জন্য নিয়ে যান। অথচ ওই খামারের মুরগিগুলোই বার্ড ফ্লু আক্রান্ত বলে ঘোষণা করেন। তারা আরও অভিযোগ করেন, কর্মকর্তারা খামারিদের আক্রান্ত মুরগি গোপনে খোলা বাজারে বিক্রি করার সুযোগ করে দেয়। কিন্তু কাগজে কলমে তারা দেখান খামারের সব মুরগি নিধন করা হয়েছে। একটি নামকরা মুরগি খামারের এক কর্মকর্তা বলেছেন, "তারা এভাবে টাকা কামাচ্ছেন কিন্তু ভুলে যাচ্ছেন যে এর মাধ্যমে তারা ভয়ানক বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন।" বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা এমন কয়েকটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি নাজুক হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আক্রান্ত খামারের মালিকদের সত্যিকার অর্থেই সরকারি সাহায্যের প্রয়োজন। কিন্তু সাহায্যের নামে এ জাতীয় দুর্নীতি চলতে দেওয়া উচিত নয়। তিনি বলেন, "আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এটি আন্তরিকভাবে মোকাবেলা করতে হবে।" পশু সম্পদ অধিদপ্তরের পরিচালক সালাহউদ্দিন আহমেদ অভিযোগ নাকচ করে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি বিশেষ মহলের প্রচারণা মাত্র। তিনি বলেন, "একটি মহল বিষয়টিকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করে তুলতে চায়।" "এ ধরনের অভিযোগ সরকারের উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করবে"