কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার অভিযোগে রোববার সদর থানার দুজন উপ-পরিদর্শক (এসআই) একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- এসআই নারায়ন চন্দ্র রায় ও বাদশা মোল্লা, এএসআই আসমা, কনস্টেবল মোশারফ, মোর্শেদ ও রেজাউল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ ফেব্র"য়ারি ভোরে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় একদল ছিনতাইকারী ইটনা উপজেলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানকে (৩৭) ছুরিকাঘাত করে পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সদর থানার ওই ছয় পুলিশ সদস্য ঘটনাস্থলে কর্মরত ছিলেন।
এই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগ এনে কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান রোববার সন্ধ্যায় তাদের প্রত্যাহার (ক্লোজ) করার আদেশ দেন বলে জানিয়েছেন ওসি আবু মো. ফজলুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24