ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সরকার দুইবার সরকারি কর্মচারিদের বেতন বাড়িয়েছিল। এতে কিন্তু দুর্নীতি কমেনি। বরং অনেকাংশে বেড়েছে।
তিনি বলেন, "দুর্নীতি কমাতে হলে প্রথমে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ সকলের এই মানসিকতা তৈরি করতে হবে- আমি আর দুর্নীতি করব না। তাতে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর প্রতিনিধি জানান, রোববার সকালে জেলা সদরের পৌর মিলনায়তন কক্ষে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এই কথা বলেন।
হাসান মশহুদ বলেন, "দুর্নীতি কারা করেন? আমি বলবো, আমরা সকলেই কম- বেশি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছি। এখন আমাদের দুর্নীতিকে বাধা দিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে তা হল আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলব। পারিবারে বলব, সমাজে বলব, স্কুল, কলেজ, মাদ্রাসায় বলব, মসজিদে বলব।"
তিনি বলেন, দুর্নীতিতে এখন লাভ বেশি, ঝুঁকি কম। তবে ভবিষ্যতে ঝুঁকি বাড়িয়ে দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে মানসিক চাপ বাড়াতে হবে।
শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক স্বপন কুমার বড়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আবু তালিব মিয়া, জেলা দুদক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক প্রমুখ।
মাদারীপুর প্রতিনিধি জানান, দুদক চেয়ারম্যান দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন মিলনায়তনে সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দুর্নীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলুন।"
হাসান মশহুদ বলেন, "দুর্নীতির বিরুদ্ধে র্যালি করব, বড় সমাবেশ করব, রাস্তায় নামব, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। যিনি দুর্নীতি করেন আর দুর্নীতিকে সহায়তা করেন তিনি চাপের মধ্যে থাকেন। দুর্নীতি দমনের কাজটা বড়ভাবে করব। সবার সামনে দুর্র্র্র্র্নীতিবাজদের আসল চিত্র তুলে ধরব।"
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক আবু তালিব মিয়া, মাদারীপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, সরকারি নাজিম উদ্দিন কলেজের প্রভাষক জান্নাতুল ফিরদাউস, মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫১ ঘ.
bdnews24