ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অকালেই চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্না। মাত্র ৪৮ বছর বয়সে রোববার তিনি মারা যান। তার প্রথম জানাজা পড়া হবে সোমবার সকাল সাড়ে দশটায়, এফডিসিতে।
শনিবার রাতে শুটিং শেষে বাসায় ফিরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ভোর সাড়ে ৬টার সময় মান্নাকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মান্না নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার চিকিৎসা শুরু করলেও শেষ রক্ষা হয়নি।
মান্নার মরদেহ ইউনাইটেড হাসপাতালেই রাখা হয়েছে।
মান্নার ভগ্নিপতি সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের জানান, মান্নার বিমানবালা স্ত্রী শেলী কাদের বর্তমানে দুবাইয়ে আছেন। রোববার রাতেই দেশে ফিরবেন তিনি। এই দম্পতির একমাত্র ছেলের নাম এস এম সিয়াম ইলতিমাস।
মান্নার চাচা শফিকুল ইসলাম জানান, এফডিসিতে জানাজা পড়ার পর মান্নার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ভক্ত শুভানুধ্যায়ীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর টাঙ্গাইলের এলেঙ্গায় গ্রামের বাড়িতে মান্নাকে দাফন করা হবে। তবে মান্নার স্ত্রী শেলীই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
চলচ্চিত্র জগতে প্রায় দুই যুগের পদচারণায় প্রায় চারশ ছবিতে অভিনয় করেন মান্না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের মন্দা সময়েও বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। মৃত্যুর সময়ও তার হাতে ছিল ডজন খানেক ছবি। চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল। তবে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তবেই বাংলা চলচ্চিত্রে নিজের আসন পাকাপোক্ত করতে হয়েছে তাকে।
আশির দশকে এফডিসির 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদারের। রূপালী পর্দায় পরিচিত হন মান্না নামে। ১৯৮৫ সালে আজহারুল ইসলাম পরিচালিত 'তওবা' মান্নার প্রথম চলচ্চিত্র। তবে প্রথম মুক্তি পায় কাজী হায়াতের 'পাগলী'।
বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকারে মান্না জানিয়েছিলেন, নায়ক হিসেবে প্রতিষ্ঠায় প্রথম দিকে কেউই তাকে সাহায্য করেনি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে বসে থেকেছেন অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য; তথন কেউ সুযোগ দেয়নি। তবে হাল ছাড়েননি তিনি। কঠোর পরিশ্রম আর চেষ্টায় চলচ্চিত্র অঙ্গণে ধীরে ধীরে নিজের স্থান করে নেন তিনি।
নায়ক হিসেবে মান্নার উত্থান ৯০ এর দশকের শুরুতে। ওই সময় কাজী হায়াত পরিচালিত 'দাঙ্গা', 'ত্রাস', 'চাঁদাবাজ' নামের তিনটি হিট হওয়ার পর মান্নাকে আর ফিরে তাকাতে হয়নি।
তার অন্যান্য ব্যবসা সফল ছবির মধ্যে 'সিপাহী', 'আম্মাজান', 'আব্বাজান', 'বর্তমান', 'কাশেম মালার প্রেম', 'শান্ত কেন মাস্তান', 'প্রেম দিওয়ানা', 'তেজী', 'রাজধানী', 'দুই বধূ এক স্বামী', 'ক্ষমতার গরম' উল্লেখযোগ্য।
এরমধ্যে 'আম্মাজান' বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল ছবি।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও শুরু করেছিলেন মান্না। তার প্রথম প্রযোজিত ছবি 'লুটতরাজ'।
তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- 'মনের সাথে যুদ্ধ', 'স্বামী স্ত্রীর যুদ্ধ', 'লাল বাদশা', 'আব্বাজান' ইত্যাদি।
বর্তমানে মান্না প্রযোজিত 'পিতা মাতার আমানত' এর কাজ চলছিল। এ ছবিতে মান্নাও অভিনয় করছিলেন। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।
প্রথম দিকে চম্পার সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মান্না। দর্শকরাও এ জুটিকে গ্রহণ করে। এছাড়া দিতি, মৌসুমী ও শাবনূরের সঙ্গেও তার বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি রয়েছে।
১৬ ফেব্র"য়ারি শনিবার রাতে এফডিসির ঝর্ণা স্পটে রাত ১১টা পর্যন্ত আহম্মেদ নাসির পরিচালিত 'গরীবের ছেলে বড় লোকের মেয়ে' ছবির শুটিং করেন মান্না। মান্নার 'রাজধানী' ছবির পরিচালক মোহাম্মাদ হোসেন জেমি সেখানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেমি বলেন, "শনিবার রাত ১১টা পর্যন্ত আমি তার সঙ্গে আড্ডা দিয়েছি। তারপর এক সঙ্গে এফডিসি থেকে বের হয়ে যার যার বাসায় যাই। আর আজ সেই মানুষটা নেই। আমার বিশ্বাস হচ্ছে না, সুস্থ একজন মানুষ কীভাবে হারিয়ে গেলেন।"
মান্নার প্রথম ছবি 'তওবা'র চিত্রগ্রাহক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম ছবিতেই মান্না ভালো কিছু করার সম্ভাবনা দেখিয়েছিলেন। পরে তা তিনি করে দেখিয়েছেন।"
তিনি জানান, অভিনয় জীবনে মান্নান ৩৭ জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন।
মান্নার মৃত্যুর খবর পেয়ে রোববার চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িতদের পাশাপাশি ভক্তরাও হাসপাতালে ভিড় করেন।
সহকর্মীকে শেষবারের মতো দেখতে এসে চিত্র নায়িকা পপি বলেন, "মান্না ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। গত রাতেও তার সঙ্গে কথা হয়েছে। আর আজ মানুষটা নেই।"
মান্নার আকস্মিক মৃত্যুতে তার জন্মস্থান টাঙ্গাইলের সিনেমা হলগুলোতে রোববার প্রদর্শনী বন্ধ রাখা হয়। এছাড়া বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোক প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএএম/ওএস/এমআরএফ/এমআই/জেকে
bdnews24