২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যবহারের অভিযোগে চার ভিআইপি বন্দীর বিরুদ্ধে মামলা

কারাবিধি ভঙ্গ করে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে চার ভিআইপি বন্দীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। কারাবন্দী সালাউদ্দীন কাদের চৌধুরী ও সদ্য জামিনে মুক্তিপ্রাপ্ত সাবেরা আমানের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবিধি ভঙ্গ করে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে চার ভিআইপি বন্দীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। কারাবন্দী সালাউদ্দীন কাদের চৌধুরী ও সদ্য জামিনে মুক্তিপ্রাপ্ত সাবেরা আমানের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাবিধি ভঙ্গ করার অভিযোগে আদালতে চারজনের বিরুদ্ধে দু' দফায় মামলা করা হয়েছে। এরা হলেন ব্যারিস্টার নাজমুল হুদা, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মহীউদ্দিন খান আলমগীর ও সিগমা হুদা। সাবেরা আমান ও সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।" জাকির হাসান জানান, গত ৭/৮দিন আগে প্রথম দু'জনের বিরুদ্ধে ও মাসদেড়েক আগে অন্য দু'জনের বিরুদ্ধে কারাবিধি ভঙ্গের অভিযোগে মূখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে যে কারাবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হবে এক বছরের কারাদণ্ড। তারা মোবাইল ফোন ব্যবহার করার সময় দায়িত্ব পালনরত কারারক্ষীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ছয় ভিআইপি বন্দি কারাবিধি না মেনে সেলের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতেন। ঘটনা ধরা পড়ার পর বিষয়টি মুখ্য বিচারিক হাকিমকে জানানো হয়। এ অপরাধের জন্য আদালত তাদের ডিভিশন বাতিল অথবা জেল বা অন্য কোনো সাজা দিতে পারে। কারা মহা-পরিদর্শক বলেন, "বিধিভঙ্গের অভিযোগে ছয় বন্দির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ মূখ্য বিচারবিভাগীয় হাকিমকে চিঠি দিয়েছে।" আরও কয়েকজন ভিআইপি বন্দির কাছে মোবাইল ফোন থাকতে পারে জানিয়ে কারা মহা-পরিদর্শক বলেন, "এজন্য আমরা ঝটিকা অভিযান চালাচ্ছি।" বন্দিদের কাছে কীভাবে মোবাইল ফোন যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বন্দিদের আদালতে নিয়ে যাওয়ার পর তারা অনেক সময় খোলামেলা পরিবেশে থাকেন। অনেকের সঙ্গে কথা বলেন। এ সময়ের কোনো পর্যায়ে তাদের কাছে মোবাইল ফোন পৌঁছানো হতে পারে।" দুর্নীতির অভিযোগে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই ছয়জন গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এলএইচ/জিএমএ/এসকে/২৩৪৮ঘ.