ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও কক্সবাজার থেকে বৃহস্পতিবার ৫৮০টি ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা আনতো বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
শুক্রবার র্যাব-৩ এর টিকাটুলির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড থেকে মো. তৈয়ব (২৮) ও রশীদ আহমেদ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, মোহাম্মদ আলম (৩৬) নামের এক ব্যক্তি টেকনাফ সীমান্ত পথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা নিয়ে আসে।
তৈয়ব ও রশীদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কক্সবাজার আদালত ভবন সংলগ্ন একটি হোটেল থেকে ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ আলমকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
পরে আলমের দেওয়া তথ্য অনুযায়ী, পৌর সুপার মার্কেটের শতরুপা জুয়েলার্স থেকে রুবেল ধর (১৮) ও রূপন ধর (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০টি ইয়াবা ট্যাবলেট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আলম ইয়াবা সংগ্রহের জন্য অর্থের যোগান দিত বলে স্বীকার করেছে রুবেল ও রূপন। আলম তার চাহিদার কথা জানালে রুবেল ও রূপন শতরুপা জুয়েলার্স থেকে মিয়ানমারে ফোন করে আবু তালেব নামের এক ব্যক্তিকে বিষয়টি জানাতো। এরপর মিয়ানমার থেকে আলমের ঠিকানায় চালান পৌঁছে যেত।
ক্যাপ্টেন রেজা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৯৩০ ঘ.
bdnews24