২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা- ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চূড়ান্ত দরপত্র জুনে

বিবিয়ানা- ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রাথমিক বাছাইয়ে মনোনীত চারটি বিদেশি প্রতিষ্ঠান জুনের প্রথম সপ্তাহে চূড়ান্ত দরপত্রে অংশ নেবে। এতে নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে জুলাইয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবিয়ানা- ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রাথমিক বাছাইয়ে মনোনীত চারটি বিদেশি প্রতিষ্ঠান জুনের প্রথম সপ্তাহে চূড়ান্ত দরপত্রে অংশ নেবে। এতে নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে জুলাইয়ে। ১ মার্চের মধ্যে প্রকল্পের স্থান, প্রকল্পের সম্ভাব্যতা, সম্ভাব্য ব্যয় ও বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে লিখিতভাবে সরকারকে জানাবে প্রতিষ্ঠানগুলো। মনোনীত চার প্রতিষ্ঠানের সঙ্গে 'প্রি-বিড কনফারেন্স' শেষে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ১২ ও ১৩ ফেব্র"য়ারি ঢাকায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আব্দুল জলিল বলেন, প্রাক মনোনীত চারটি প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের এইএস ও শেভরন, দক্ষিণ কোরিয়ার কেপকো ও জার্মানির দি পাওয়ারটেক-সিমেন্স কনসোর্টিয়াম। তিনি জানান, জুনের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠান চারটি চূড়ান্ত দরপত্রে অংশ নেবে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে জুলাই মাসে চুক্তি স্বাক্ষর ও কার্যাদেশ দেয়া হবে। সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে। কেন্দ্র স্থাপনে তিন বছর সময় লাগবে। পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, "প্রকল্পটি বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের কাছে বলে গ্যাস সরবরাহে বিশেষ সুবিধা পাবে। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করতে প্রতিদিন ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস লাগবে। সরকারের পক্ষ থেকে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হবে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরকার ২২ বছরের চুক্তি করবে। চুক্তির শর্ত অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ কিনবে সরকার।" আব্দুল জলিল জানান, প্রকল্প বাস্তবায়নের পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য বিবিয়ানা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ১৬২ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন স্থাপন করা হবে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেলের পরিচালক মিজানুর রহমান ও তোফাজ্জল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এসএনডি/২০৩১ ঘ.