ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগ করেছে তার পরিবার। মিরপুরের ওই হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের জন্য অস্ত্রোপচার করার পর শিশুটির অবস্থার অবনতি হয় বলে তার পরিবারের ভাষ্য ।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অচেতন শিশুটির অবস্থা সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা ।
গত ৬ ফেব্র"য়ারি ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনের বাসিন্দা মো. মাকছুদুর রহমানের ছেলে মো. নাইমুর রহমান নাহিনের (৬) পেটে প্রচণ্ড ব্যথা হলে তাকে মিরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল এর সহকারী অধ্যাপক ডা.আতিয়ার রহমান ও বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. রিফাত তার অ্যাপেন্ডিক্স অপারেশন করেন।
অবস্থার অবনতি ঘটলে ৬ ফেব্র"য়ারি রাতেই চিকিৎসকদের পরামর্শে নাহিনকে লালমাটিয়ার মিলেনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন রাখার পর গত সোমবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
নাহিনের চাচা সামাউর রহমান কর্তব্যরত চিকিৎসক ডা. আতিয়ার রহমান ও ডা. রিফাতের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে গত রোববার রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অন্যদিকে যে কোনো প্রসিডিউরে সমস্যা থাকে মন্তব্য করে নিজেদের ভুলের কথা অস্বীকার করেছেন অধ্যাপক ডা.আতিয়ার রহমান।
নাহিনের চাচা সামাউর রহমান জিডিতে উল্লেখ করা অভিযোগে বলেন, "মিরপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের আগে অজ্ঞান করার প্রক্রিয়া অথবা অস্ত্রোপচারের সময় কর্তব্যরত ডাক্তারের (ডা. আতিয়ার রহমান ও ডা. রিফাত) কোনো ভুলের কারণে রোগীর যে কোন ধরনের ক্ষতি হতে পারে বলে আমার মনে হয়।..তাদের ভুল চিকিৎসার জন্য নাহিনের শারীরিক অবস্থা খারাপ বলে আমার মনে হচ্ছে।"
নাহিনের খালাতো ভাই এ কে এম ফয়সাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাহিনকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর ইনজেকশন দিয়ে অচেতন করা হয়। পেট কাটার পর হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। নাহিন তখন 'আম্মু ব্যথা' বলে চিৎকার করে ওঠে। আমার খালা (নাহিনের মা) অপারেশন থিয়েটারের পেছনের দরজা দিয়ে গিয়ে দেখেন তিন চারজন নাহিনের হাত-পা ধরে মুখ চেপে রেখেছে। তাকে দেখতে পেয়ে ডাক্তাররা মুখ থেকে হাত সরিয়ে নেয়।"
ফয়সাল জানান, চিকিৎসকরা অপারেশন থিয়েটার থেকে চলে যেতে বললে নাহিনের মা চলে যান। এরপর তারা তিন ঘণ্টাব্যাপী অপারেশন চালান। অস্ত্রোপচার শেষে তারা কোনো মন্তব্য করেননি। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তারা আইসিইউ সুবিধা আছে এমন হাসপাতালে নাহিনকে ভর্তি করাতে বলেন।"
ফয়সাল অভিযোগ করেন, "অক্সিজেন না থাকায় অপারেশন চলার সময় নাহিনকে অক্সিজেন দেয়া হয়নি।"
নাহিনের আত্মীয়দের অভিযোগ প্রসঙ্গে ডা. আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমি প্রতিদিন তাকে দুই থেকে তিনবার দেখছি। অন্য ডাক্তাররাও তাকে দেখছেন। তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।"
ডা. আতিয়ার বলেন, "যে কোনো প্রসিডিউরে হ্যার্জাড (সমস্যা) থাকে। এ ব্যাপারে আমরা দায়ী না। আপনারা আইসিইউ এর চেয়ারম্যান অধ্যাপক সফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করুন।"
ডা. রিফাতও টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাহিনের অপারেশনের সময় কী হয়েছিল সে ব্যাপারে আইসিইউ'র চেয়ারম্যান আমাকে লিখিত বক্তব্য দিতে বলেছেন। আমি তা বৃহস্পতিবার জমা দেব। আপনার যা কিছু জানার সেখান থেকে জেনে নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/টিএইচ/এসকে/১৩০২ঘ.
bdnews24