ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ভাষা শহীদ ও সাত বীরশ্রেষ্ঠর গ্রামে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধায়নে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্বোধন চলতি মাসেই শুরু হচ্ছে। জীবিত তিন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের ছয় সেক্টর কমান্ডার ২৬ মার্চের মধ্যে এসব স্থাপনার উদ্বোধন করবেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার সেক্টর কমান্ডার ও ভাষা সৈনিকদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান।
আনোয়ারুল ইকবাল জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামে তার নামে স্থাপিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে ১৯ ফেব্র"য়ারি। ২৩ মার্চ ভাষা সৈনিক রফিক উদ্দিন আহমদ ও ২৬ মার্চ আব্দুস সালামের গ্রামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এসব স্থাপনা উদ্বোধন করবেন ভাষাসৈনিক আবদুল মতিন, বেগম রওশন আরা বাচ্চু ও ড. হালিমা খাতুন।
এ ছাড়া ৯ মার্চ ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত। সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ১২ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর এবং ২০ মার্চ নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন। ১৫ মার্চ নড়াইল সদরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী। সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ১৮ মার্চ ভোলা সদরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী নূরুজ্জামান বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী ফরিদপুরের মধুখালীতে মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন ২৬ মার্চের আগেই।
গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপনের পাশাপাশি শহীদদের গ্রামের নামও বদলে ফেলা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ছাড়া অন্য সবার গ্রামের নামকরণ করা তাদের নামানুসারে। মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের নাম তার দাদার নামে হওয়ায় ওই ইউনিয়ন পরিষদের নামকরণ করা হবে মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে।
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানান, ১০টি গ্রন্থাগারের প্রতিটির জন্য ব্যয় হয়েছে ৬২ লাখ ৯০ হাজার টাকা। আর স্মৃতি জাদুঘরগুলো নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় কোটি ৯০ লাখ টাকার একটি প্রকল্প নেয়া হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে জেলা পরিষদকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়। জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সভায় সেক্টর কমান্ডার ও ভাষা সৈনিকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং শহীদের কবর সংরক্ষণ, কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাসহ স্কুলের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানানো হয়।
মীর শওকত আলী জানান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মৃত্যুর তারিখ নিয়ে প্রকাশিত গেজেটে বিভ্রান্তি রয়েছে। গেজেটে যে তারিখ উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে তিনি ওইদিন শাহাদৎ বরণ করেননি। এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সি আর দত্ত বলেন, অনেক শহীদের কবর ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। সেক্টর কমান্ডাররা জানেন কোথায় কে শহীদ হয়েছেন এবং কাকে কোথায় কবর দেয়া হয়েছে। তাদের কাছে থেকে সঠিক তথ্য নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কবর রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া যেতে পারে।
কে এম শফিউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির কারণে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে আসেনি। এ কারণে আমাদের সন্তানরা এ সব বিষয়ে তেমন কিছু জানতে পারছে না। নতুন প্রজন্ম যাতে এ সব বিষয়ে সঠিক ইতিহাস জানতে পারে, সে জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
অন্যান্যের মধ্যে ভাষা সৈনিক আবদুল মতিন, বেগম রওশন আরা বাচ্চু ও ড. হালিমা খাতুন এবং সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী নূরুজ্জামান ছাড়াও সাবেক সেনা প্রধান হারুনুর রশীদ ও অধ্যাপক আনিসুজ্জামান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩২৮ ঘ.
bdnews24