২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বালু হত্যা মামলার সব আসামি খালাস

খুলনা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর বালু হত্যা মামলায় জনযুদ্ধ নেতা দাদা তপনসহ সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আবদুস সালাম শিকদার এ মামলার রায় দেন। ২০০৪ সালের ২৭ জুন দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ূন কবীর বালু। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

খুলনা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর বালু হত্যা মামলায় জনযুদ্ধ নেতা দাদা তপনসহ সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আবদুস সালাম শিকদার এ মামলার রায় দেন। ২০০৪ সালের ২৭ জুন দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ূন কবীর বালু। আদালতের রায়ে এজাহারে ত্র"টি, তদন্ত ঠিকমতো না হওয়া, আসামিদের সঠিকভাবে চিহ্নিত করা হয়নি উল্লেখ করে মামলার সাত আসামিকে খালাস দেওয়া হয়। রায়ে বলা হয়, মামলার এজাহারে হুমায়ূন কবীর হত্যার কারণ হিসাবে চরমপন্থীদের বিরুদ্ধে লেখালেখি ও সভা-সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা বলা হলেও তদন্তকারী কর্মকর্তা এ সংক্রান্ত কোনও প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে পারেননি। চরমপন্থী সংগঠন জনযুদ্ধ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে- এ বিষয়টিও প্রমাণিত হয়নি। হত্যার পরিকল্পনায় কারা ছিল তাও তদন্ত কর্মকর্তা উল্লেখ করেননি। পাশাপাশি বিচার চলাকালে সাক্ষীরা আসামিদের সনাক্ত করতে পারেননি। মামলার চাক্ষুস সাক্ষীও নেই। রায়ের সময় গ্রেপ্তারকৃত পাঁচ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এরা হলেন, জাহিদুর রহমান, নজরুল ইসলাম, ইকবাল হোসেন স্বাধীন, মাসুম ওরফে জাহাঙ্গীর ও শেখ নাজিমউদ্দিন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) প্রধান আব্দুর রশীদ মালিথা ওরফে দাদা তপনসহ বাকি দুই আসামি পলাতক। অপর জন হলেন, শেখ সাদিকুর রহমান। এ মামলার ১১ আসামির মধ্যে চার আসামি মামলা চলাকালীন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরা হচ্ছে, রিপন আহমেদ, শরীফুজ্জামান সুমন, আলতাফ সিদ্দিক ও দিদার ওরফে শ্যামল। বালু হত্যামামলার রায় শুনতে বুধবার সকাল থেকেই আদালত এলাকায় ছিল উৎসুক মানুষের ভিড়। সাংবাদিক বালু হত্যাকাণ্ডের পর খুলনা সদর থানার উপ-পরিদর্শক মারুফ আহমেদ বাদি হয়ে ১০ জনকে আসামি করে ২৮ জুন হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করেন। ২০০৫ সালের ২৬ অক্টোবর হত্যামামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশ প্রতিবেদন দুর্বল হয়েছে উল্লেখ করে ২০০৬ সালের ৪ জানুয়ারি সরকার পক্ষের কৌঁসুলি বিশেষ পিপি আবু জাফর অধিকতর তদন্তের আবেদন করেন। এরপর ২২ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক চিত্তরঞ্জন পাল তদন্ত শেষে ১৭ মাস পর ২০০৭ সালের ৮ আগস্ট সম্পুরক অভিযোগপত্র দাখিল করেন। এতে ১০ আসামির সঙ্গে শেখ নাজিমউদ্দিন আহমেদের নাম আসামির তালিকায় যুক্ত করা হয়। এ মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য নেয় আদালত। আদালতের রায়ে আসামিরা খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক বালুর ছেলে দৈনিক জন্মভূমির বর্তমান প্রকাশক আসিফ কবীরসহ খুলনার সাংবাদিকরা। রায়ের পর আসিফ কবীর সাংবাদিকদের বলেন, তদন্তে গাফিলতির কারণেই মামলাটির এ পরিণতি হয়েছে। খুলনা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ওয়াদুদুর রহমান পান্না ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন এক বিবৃতিতে বলেন, অপরাধীদের শাস্তি না হওয়ায় ভবিষ্যতে খুনীরা উৎসাহিত হবে। ফলে সাংবাদিকদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.