ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে সফল করার দায়িত্ব সবার বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।
সোমবার রাতে নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশে দুর্নীতিবিরোধী অভিযান সফল করার দায়িত্ব সবার। আর হয়তো কখনো দেশকে দুর্নীতিমুক্ত করার এরকম সময় আসবে না। তাই সবাইকে ধৈর্য ধরে তত্ত্বাবধায়ক সরকারকে কিছুটা সময় দিতে হবে যাতে তারা কাজটি করতে পারেন।"
সোমবার ইয়র্ক কলেজ মিলনায়তনে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস একথা বলেন।
দেশে কোনো জাতীয় সরকার প্রতিষ্ঠা হলে তার প্রধানের দায়িত্ব নেবেন কিনা- এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রশ্নটি অনুমানভিত্তিক।" তবে মৃদু হেসে যোগ করেন, "সময়ে সবকিছুর জবাব পাওয়া যাবে।"
ইয়র্ক কলেজের এ সংবর্ধনা অনুষ্ঠানে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূসকে চ্যান্সেলর পদক দেন নিউইর্য়ক সিটি ইউনিভার্সিটির এক্সকিউটিভ ভাইস চ্যান্সেলর ড. সেলমা বডম্যান।
নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধীনে ইয়র্ক কলেজে দুই শতাধিক বাংলাদেশী ছাত্র-ছাত্রী পড়েন। সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূসের সদ্য প্রকাশিত 'ক্রিয়েটিং এ ওর্য়াল্ড উইদাউট পভাটির্' বইটি আমন্ত্রিত ৬ শতাধিক অতিথিদের শুভেচ্ছাস্বরূপ বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ পারফর্মিং আর্টস ও ইয়র্ক কলেজ বাংলাদেশী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ড. ইউনূসকে বিশেষ সম্মাননা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রেসিডেন্ট ড. মারফিয়া বি-কেইজ। স্বাগত বক্তব্য দেন জেরাল্ড পোসম্যান।
অধ্যাপক ইউনূস দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, "বিশ্বকে দারিদ্র্যমুক্ত করতে এই কর্মসূচি সুফল আনতে পারে। আমরা ক্ষুধামুক্ত বিশ্ব চাই।"
বাংলাদেশের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, "কায়েমী শাসনব্যবস্থার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। দেশটির মানুষ কর্মঠ। তাদের ভালোভাবে থাকার সুযোগ করে দিতে হবে।"
ভবিষ্যতের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, "বাংলাদেশ বর্তমানে যেভাবে চলছে, তা সচল থাকলে আগামী ২০১৫ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।" এসময়ে তুমুল করতালি পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৪০৩ঘ.
bdnews24