২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ ও সাভারে আগুনে পুড়ে গেছে দোকান, অফিসের আসবাব

নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে দাপার ইদ্রাকপুরে সোমবার উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের কারখানায় আগুন লেগে স্টোর রুম ও অফিসের আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া সাভার পৌরসভার নামাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে দাপার ইদ্রাকপুরে সোমবার উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের কারখানায় আগুন লেগে স্টোর রুম ও অফিসের আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া সাভার পৌরসভার নামাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে ফতুল্লার দাপার ইদ্রাকপুরে উইজডন অ্যাটায়ার্স লিমিটেডের কারখানার দোতলায় আগুন লেগে স্টোররুম ও অফিস পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক একেএম সেলিম ওসমান সাংবাদিকদের জানান, আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলির দামই এক কোটি টাকা। আগুনে অফিসের কম্পিউটার, আসবাপত্র ও ফাইলপত্র পুড়ে গেছে।" নারায়ণগঞ্জ দমকল বিভাগের উপ সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, ঢাকার পোস্তাগোলা, নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ এই তিনটি দমকল স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি। ফতুল্লা থানার উপপরিদর্শক বদরুল আলম খান সাংবাদিকদের জানান, উইজডম অ্যাটায়ার্স আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আছে। সাভার প্রাতিনিধি জানান, পৌরসভার নামাবাজারে সোমবার এক অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাভার বাজার কমিটির সেক্রেটারি মাহবুব আলম। দুপুর দেড়টার দিকে মহেন্দ্র ঘোষের পাটের গুদামে আগুন লাগে। পরে তা কয়েকটি কুড়া ও ভূষির দোকানে ছড়িয়ে পড়ে। সাভার দমকলের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দমকল কর্মকর্তা আইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুত ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। সাভার থানার উপপরিদর্শক ফারুক কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.