ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে আবার রদবদল হয়েছে। ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছয় জেলার বর্তমান ডিসিদের বদলি করা হয়েছে।
পাশাপাশি একটি অতিরিক্ত সচিব পদে আনা হয়েছে পরিবর্তন।
সোমবার বিকালে সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে।
অর্থ বিভাগের উপসচিব মো. জালাল উদ্দিনকে কুড়িগ্রাম , সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মোখলেছুর রহমানকে চুয়াডাঙ্গা, নীলফামারীর ডিসি খন্দকার মো. মোখলেসুর রহমানকে পাবনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. নেপুর আহমেদকে কুষ্টিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. জিয়াউর রহমান খানকে মেহেরপুর এবং বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ রশিদুল হাসানকে নীলফামারীর জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লিখিত জেলার বর্তমান ডিসিদেরকে বদলি করে নতুন দপ্তর দেওয়া হয়েছে। কুড়িগ্রামের বর্তমান ডিসি আব্দুর রহিম মোল্লাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক পদে , চুয়াডাঙ্গার মোহাম্মদ আব্দুল মান্নানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, পাবনার মো. গোলাম মাওলাকে অর্থ বিভাগের উপসচিব এবং মেহেরপুরের বর্তমান ডিসি আতাহার আলীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
গত শনিবার প্রশাসনের সাতটি সচিব পদ, একটি অতিরিক্ত সচিব পদ এবং আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে রদবদল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমকে/এসকে/১৫৩৮ঘ.
bdnews24