ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন উজাড় ও অপরিকল্পিত বসতি স্থাপনের কারণে পার্বত্য চট্টগ্রামে পানির স্বাভাবিক উৎস নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
রোববার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে 'শুকনো মৌসুমে পাহাড়ে পানির অভাব' শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দেবাশীষ রায় বলেন, "বনায়নের নামে ইউক্যালিপ্টাসের মতো বিদেশি গাছ লাগানো চলবে না। তাছাড়া আদিবাসী পাহাড়িদের প্রাচীন রীতি-নীতি ও ঐতিহ্য মেনেই বনায়ন করতে হবে।"
যে কোনো উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় পাহাড়িদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বনায়নের মতো বড় ধরনের উন্নয়ন পরিকল্পনাসহ ছোট ছোট স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা গেলে তা বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায়।"
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিস এর ভূগর্ভস্থ পানি বিশেষজ্ঞ মোহাম্মাদ হোসেইন অনুষ্ঠানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৪টি বনের ওপর গবেষণায় পাওয়া তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, "পাহাড়ে বন উজাড় হওয়া, বাঙালী বসতি বৃদ্ধি, জুম (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ) এর মাত্রাতিরিক্ত ব্যবহার ইত্যাদি কারণে ঝর্ণা ও নদী শুকিয়ে যাচ্ছে। ফলে দুর্গম পাহাড়ে প্রাকৃতিক পানি পাওয়া ক্রমশঃ কঠিন হয়ে পড়ছে। এ রকম চলতে থাকলে আগামী ১০ বছরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।"
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ, ডিএফআইডি'র আবাসিক প্রতিনিধি জেন ক্রাউডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মতিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মহিদুল হক খান, বুয়েটের অধ্যাপক জহির উদ্দিন চৌধুরী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/জেকে/২৩২৬ ঘ.
bdnews24