ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুু বীজ সংরক্ষণের জন্য পৃথক হিমাগার তৈরির দাবি করেছেন মুন্সীগঞ্জের কৃষকরা। কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিমের কাছে এ দাবি জানিয়ে তারা বলেন, আলু রাখার জন্য হিমাগার থাকলেও বীজ রাখার জন্য পৃথক হিমাগার নেই। আলুর হিমাগারে বীজ রাখলে তাতে বীজের গুণগত মান নষ্ট হয়ে যায়।
তারা জানান, এ কারণে তাদের আমদানি করা বীজ কিনতে হয় এবং এ জন্য খরচ হয় অনেক বেশি টাকা।
শুক্রবার বিকেলে উপদেষ্টা সি এস করিম মুন্সীগঞ্জের সদর, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় আলু ক্ষেত পরিদর্শনে যান। কৃষকরা তাকে ঘিরে ধরে আলু বীজের সংকট ও চাষের নানা সমস্যার কথা তুলে ধরেন।
কৃষি উপদেষ্টা বীজ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় উপদেষ্টার সফরসঙ্গী কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক বেসরকারি উদ্যোগে বীজ হিমাগার তৈরির আহ্বান জানান। বীজ সংকট প্রসঙ্গে তিনি বলেন, "এ বছর হল্যান্ডের কাছে ৩০ হাজার টন আলু বীজ চেয়েছিলাম। তাদের সংকট থাকায় মাত্র ৩ হাজার ৮০০ টন পেয়েছি।"
সদর উপজেলার সোয়াপাড়া গ্রামের কৃষক আবদুল হাকিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলুর কোলেস্টরলে বীজ রাখলে তা ঠিক থাকে না। বীজের জন্য এক তাপমাত্রা প্রয়োজন আর আলুর জন্য অন্য রকম। আমাগো ইচ্ছা থাকলেও বীজ আমরা রাখতে পারি না। বাধ্য হইয়া এইবার বেশি দামে বীজ কিনতে হইছে।"
তিনি বলেন, "৫০ কেজি বাক্সের আলু বীজের দাম সরকার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার নির্ধারণ কইরা দিলেও আমাগো তা ১২ থেকে ১৪ হাজার টাকা দিয়া কিনতে হইছে।"
সোয়াপাড়ায় কৃষকরা উপদেষ্টাকে বলেন, নিম্নমানের কীটনাশক প্রয়োগের জন্য তারা ক্ষতির শিকার হচ্ছেন। সার বণ্টন ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেয়ারও দাবি জানান তারা।
উপদেষ্টা তাদের কথা শুনে ভেজাল কীটনাশকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর জন্য জেলা প্রশাসক মো. মনির উদ্দিনকে নির্দেশ দেন।
সার প্রসঙ্গে সিএস করিম বলেন, "খোলাবাজারে সার বণ্টন ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিলে যতো হাত বদল হবে সারের দাম ততো বাড়বে।" কৃষকরা তখন ডিলারের সংখ্যা বাড়ানোর আবেদন জানালে উপদেষ্টা বলেন, "প্রতি ইউনিয়নে সারের ডিলার বাড়িয়ে এখন চার জন করা হয়েছে। ভবিষ্যতে আরো বাড়ানো হবে।"
কৃষকদের পরিমিত-সার ব্যবহারের পরামর্শ দেন সিএস করিম। এক কৃষকের আলু গাছ দেখিয়ে তিনি বলেন, "আপনারা সার বেশি দিচ্ছেন বলে গাছ বড় হয়েছে কিন্তু সেই অনুযায়ী আলু বড় হয়নি।"
উপদেষ্টা টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া গ্রামের আলু ক্ষেত দেখতে গেলে সেখানকার কৃষকরাও তাকে আলু বীজের জন্য পৃথক হিমাগারের দাবি করেন।
লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কৃষকরা উপদেষ্টাকে জানান, খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনই তাদের প্রধান সমস্যা।
কৃষক নুরুল ইসলাম আজাদ বলেন, "পদ্মার ভাঙ্গনে আমাদের খাল ভরাট হয়ে যাওয়ায় আলু ক্ষেতের পানি সময় মতো বের হচ্ছে না। অবিলম্বে খাল খনন না করলে আলুর উৎপাদন অনেক কমে যাবে।"
উপদেষ্টা এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি সম্পদ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২১৪৮ ঘ.
bdnews24