চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগি খালে ফেলার অভিযোগে হাটহাজারী উপজেলার আজিজিয়া পোল্ট্রি ফার্মের মালিক মোহাম্মদ আলীকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রামে তিন দিনে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় সাড়ে ১৪ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। এরমধ্যে সাড়ে ৮ হাজার বাচ্চা রয়েছে। এছাড়া ধংস করা হয়েছে ৪২ হাজার ডিম।
নতুন কোন খামারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া না গেলেও নগরীর বিভিন্ন স্থানে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাক মারা যাওয়ার সংবাদ মিলেছে।
হাটহাজারী থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক শিল্পী রাণী খামার মালিককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের পরস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ পশুসম্পদ অধিদফতরের মহা পরিচালক সুনীল চন্দ্র ঘোষ শুক্রবার চট্টগ্রাম আসছেন। এর পরদিন শনিবার চট্টগ্রাম সফর করবেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান।
জেলা পশুসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, চূড়ান্ত পরীক্ষায় বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার থেকে শুরু হওয়া নিধন কার্যক্রমে এ পর্যন্ত সাড়ে ১৪ হাজার মুরগি মেরে ফেলে মাটি চাপা দেয়া হয়েছে। নগরীর বাকলিয়ার দুটি খামারে, হাটহাজারী ও বুড়িশ্চরের একটি খামারে এসব মুরগি মেরে ফেলা হয় এবং ডিম ধ্বংস করা হয়।
তিনি জানান, আক্রান্ত খামারের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সব খামার ও বাড়িঘরে পোষা মুরগি মেরে ফেলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/২২১১ ঘ.
bdnews24