২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপকর্মে বাধা দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের হামলা

সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের ভাগরী এলাকায় কবরস্থানের ভিতর মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা বুধবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও গুলিবর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

সাভার, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের ভাগরী এলাকায় কবরস্থানের ভিতর মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা বুধবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও গুলিবর্ষণ করেছে। ব্যবসায়ী আব্দুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের পারিবারিক কবরস্থানের ভেতর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আইয়ুব, কাইয়ুম, দেলোয়ার ওরফে কোবরা, আসলাম, মুক্তি, শাহাদাৎসহ তাদের অপর সহযোগীরা ফেনসিডিল, হেরোইন, গাঁজা বিক্রি করতো। সেখানে মাদকসেবীদের আড্ডা বসত। বুধবার রাতে সন্ত্রাসীদের আড্ডাস্থলে গিয়ে তার ছোট ভাই ফারুক বাধা দেন এবং কবরস্থানে এ ধরনের অপকর্ম করতে নিষেধ করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ফারুককে বেধড়ক মারধর করে। তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আসলাম নামের একজনকে ধরে এলাকাবাসী গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার জের ধরে মধ্যরাতে সন্ত্রাসীরা ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে তারা ৫/৬ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। তাদের আধ ঘন্টাব্যাপী তাণ্ডবে বাড়ির লোকজন ভয়ে অন্যত্র আশ্রয় নেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার আলহাজ মতিউর রহমান ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সাভার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হেলেনা পারভিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.