ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ১৫ ফেব্র"য়ারির মধ্যে দরপত্র আহ্বান করবে সরকার। অক্টোবরের মধ্যে অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাছাইয়ের প্রক্রিয়া শেষ করা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বুধবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের দয়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম এ কথা জানান।
তিনি বলেন, "দরপত্র আহ্বানের সময় এগিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করব। মডেল পিএসসি (উৎপাদন বণ্টন চুক্তি) দেরিতে অনুমোদিত হয়েছে। আরও এক মাসে আগে এটি অনুমোদন পেলে ভালো হতো।"
চাহিদা অনুসারে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না মন্তব্য করে তিনি জানান, ঘাটতি দূর করতে সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধান কাজ শুরু করা হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের চেষ্টা করতে হবে। এর মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে সাগরে অনুসন্ধান।
ম তামিম বলেন, "১৯৭৪ ও ১৯৯৭ সালে সাগরে কিছু অনুসন্ধান চালানো হয়েও তা ব্যাপক ছিল না। বিদ্যমান ক্ষেত্রগুলোতে যথেষ্ট কূপ খনন করা হয়নি। আমরা বিদ্যমান গ্যাসক্ষেত্রের ব্যাপ্তি জানি না। এ জন্য পাঁচটি প্রধান গ্যাসক্ষেত্রের ত্রিমাত্রিক সাইসমিক সার্ভে করা হবে।"
সীমানা নির্ধারণ না করে অনুসন্ধান শুরু করলে ভারত ও মিয়ানমারের সঙ্গে কোনো বিরোধ হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "মিয়ানমার ও ভারতের কোনো আপত্তি থাকলে আলোচনা করব। প্রয়োজনে দু'দেশেরই কাজ বন্ধ করে আলোচনা করা হবে।"
মঙ্গলবার উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া মডেল পিএসসির বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসিন জানান, নতুন সংযোজন হিসেবে মডেল পিএসসিতে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। অসতর্কতা ও অদক্ষতার কারণে কোনো দুর্ঘটনা হলে আইওসিকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া শেয়ার বিক্রির পরিমাণ ৫০ ভাগের বেশি হলে সরকারের অনুমোদন লাগবে। পরিত্যাজ্য স্থাপনা অপসারণের জন্য একটি তহবিল তৈরি করা হবে।
ভূগর্ভস্থ মজুদ তেল বা গ্যাস পাশ্ববর্তী কোনো ব্লক অথবা প্রতিবেশী দেশে বিস্তৃত হলে তা আলাদাভাবে উন্নয়ন না করে একীভূতভাবে (ইউনিটাইজেশন) যৌথ উন্নয়নের বিধানও রাখা হয়েছে মডেল পিএসসিতে।
সচিব জানান, অনুসন্ধানের ক্ষেত্রে প্রাথমিকভাবে অগভীর এলাকার জন্য চার বছর এবং গভীর সাগরের জন্য ৫ বছরের চুক্তি করা হবে। তবে উভয় ক্ষেত্রেই বর্ধিত অনুসন্ধানের জন্য দুই দফায় দুই বছর করে মেয়াদ বাড়ানোর বিধান রয়েছে। ১৯৯৭ এর পিএসসিতে এজন্য সাত বছর নির্ধারণ করা ছিল। উন্নয়ন পরিকল্পনা দাখিলের পর গ্যাস ক্ষেত্রের জন্য ২৫ বছর এবং তেল ক্ষেত্রের জন্য ২০ বছরের চুক্তি করা হবে। এটা আরও পাঁচ বছর বাড়ানোর বিধান থাকছে।
তিনি বলেন, "মডেল পিএসসি অনুসারে গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে এইচএসএফও (হাই সালফার ফুয়েল অয়েল) এর ফ্লোর দাম প্রতিটন ৭০ ডলার, সিলিং দাম প্রতিটন ১৮০ ডলার ও স্থলভাগের গ্যাসের দাম এইচএসএফও দামের ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অগভীর সমুদ্রের গ্যাসের দাম স্থলভাগের গ্যাসের চেয়ে ২৫ ভাগ বেশি নির্ধারণ করা হয়েছে। আর করপোরেট ট্যাক্স পরিশোধ করতে হবে দরদাতা প্রতিষ্ঠানকেই।"
রপ্তানি সম্পর্কে সচিব বলেন, পেট্রোবাংলার অনুমোদন সাপেক্ষে শুধু এলএনজি (লিক্যুইফায়েড ন্যাচারাল গ্যাস) হিসাবে গ্যাস রপ্তানি করা যাবে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে তেল রপ্তানি করতে পারবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান।
তিনি বলেন, ১৫ ফেব্র"য়ারি মধ্যে দরপত্র আহ্বান করে ৯০ দিন সময় দেওয়া হবে। অক্টোবরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে আগ্রহী কোম্পানির মধ্য থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/১৯১৪ ঘ.
bdnews24