২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ মামলায় সচিবালয় পোস্ট অফিসের কর্মকর্তার কারাদণ্ড

প্রায় সোয় দুই লাখ টাকা আত্মসাতের মামলায় সচিবালয় ডাকঘরের কর্মকর্তা মো. শামসুল করিম তালুকদারকে ছয় মাসের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সোয় দুই লাখ টাকা আত্মসাতের মামলায় সচিবালয় ডাকঘরের কর্মকর্তা মো. শামসুল করিম তালুকদারকে ছয় মাসের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস কারাদণ্ড দিয়েছেন আদালত। সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক শামসুন্নাহার বেগম বুধবার এ রায় দেন। রায়ে বলা হয়, আসামি আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ায় আদালত নমনীয় মনোভাব প্রদর্শন করেছেন। মামলাটি সঠিকভাবে তদন্ত করা হয়নি জানিয়ে আদালত বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আব্দুস ছালাম ও তদন্ত কর্মকর্তা মো. শামসুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশও দিয়েছেন। গত বছরের ১৮ নভেম্বর আসামি মো. শামসুল করিম তালুকদার আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন থেকেই তার সাজা কার্যকর হবে। গত বছরের ১৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আব্দুস ছালাম রমনা থানায় শামসুল করিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি ২০০৩ সালের ২১ অক্টোবর থেকে ২০০৪ সালের ১২ অক্টোবর পর্যন্ত সময়কালে গাড়ির ৩৭টি ট্যাক্স টোকেনের ১ লাখ ৩৭ হাজার একশ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। একইসঙ্গে তিনি ২০টি ভুয়া ট্যাক্স টোকেন দিয়ে আরও ৯০ হাজার ৫৪৫ টাকা আত্মসাৎ করেছেন। গত ১৪ নভেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৮ নভেম্বর থেকে। মামলায় রাষ্ট্রপক্ষে আট জন সাক্ষ্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএনডি/১৬০৫ ঘ.