২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের ১১৫ কর্মীর অবৈধ সম্পদের দলিল টাস্কফোর্সের হাতে

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ১১৫ জন কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অর্জিত সম্পদের দলিল মঙ্গলবার টাস্কফোর্সের কাছে জমা দিয়েছেন। হিসাব দেওয়া এড়াতে তিন শ্রমিক নেতা অসুস্থতার ছুতোয় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সন্দেহ করেছে টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ১১৫ জন কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অর্জিত সম্পদের দলিল মঙ্গলবার টাস্কফোর্সের কাছে জমা দিয়েছেন। হিসাব দেওয়া এড়াতে তিন শ্রমিক নেতা অসুস্থতার ছুতোয় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সন্দেহ করেছে টাস্কফোর্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টাস্কফোর্সের প্রধান লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ জানান, জমা দেওয়া দলিলগুলোর মধ্যে মাত্র ২০ জনের দলিল 'পরিপূর্ণ' এবং ৪০ জনের ছিল 'মোটামুটি গ্রহণযোগ্য'। এই ৬০ জনের সম্পদ কয়েকদিনের মধ্যে সরকারের নামে নিবন্ধন করার কাজ শেষ হবে। গত ২৮ জানুয়ারি তিতাসে নিয়োজিত গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্কফোর্সের কাছে ১১৮ জন কর্মচারী ও আট কর্মকর্তা অবৈধভাবে অর্জন করা সম্পদ ফিরিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় চারশ কোটি। পরে আরও নয় জন সম্পদ ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করেন। লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য লিখিত অঙ্গীকার করা তিতাসের কর্মীদের মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ১১৫ জন দলিলপত্র জমা দিয়েছেন। তবে সবমিলিয়ে মোট ৬০ জনের দলিল গ্রহণযোগ্য বলে আমরা বিবেচনা করছি। টাস্কফোর্স প্রধান আরও জানান, সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া এড়ানোর জন্য তিতাসের আলোচিত তিন শ্রমিক নেতা মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলেন মিটার রিডার মাহবুব, সাবেক সিবিএ নেতা হাবিবুর রহমান ও আবুল কাশেম। হাসান আহম্মেদ বলেন, "এরা তিনজন সম্পদের দলিলপত্রের ফটোকপি জমা দিয়েছেন। তারা আসলে অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তির মাধ্যমে টাস্কফোর্সকে এড়াতে চাইছেন কি না- তা আমরা খতিয়ে দেখব। এছাড়া, তারাতো সারাজীবন হাসপাতালে ভর্তি থাকতে পারবেন না। একদিন না একদিন তাদের হাসপাতাল ছাড়তেই হবে।" ফিরিয়ে দেওয়া সম্পদের দাম জানতে চাইলে টাস্কফোর্স প্রধান বলেন, "মোট দাম বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ প্রায় সবাই জমা দেওয়া হিসাব বিবরণীতে সম্পদের দাম অনেক কম উল্লেখ করেছেন। এর আগে মিডিয়ায় ১২৬ কর্মীর অবৈধ সম্পদের মোট মূল্য প্রায় চারশ' কোটি টাকা উল্লেখ করা হলেও প্রাথমিক তদন্ত অনুযায়ী এর পরিমাণ অনেক বেশি হবে।" অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে তিতাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীর তালিকা তৈরি করে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্কফোর্স। এদের মধ্যে সিবিএ নেতা-কর্মীসহ ১৭৫ জনকে এরই মধ্যে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। গণবদলির আওতায় বাকিদেরও তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন টাস্কফোর্স কর্মকর্তারা। গত বছরের অক্টোবর মাসে বিশেষ টাস্কফোর্স তিতাসে কার্যক্রম শুরু করে। কারওয়ানবাজার তিতাস ভবনের দোতলায় ক্যাম্প করা হয় ২৫ অক্টোবর। লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদের নেতৃত্বে টাস্কফোর্স কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২২৪৮ ঘ.