চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী রেলওয়ে জাদুঘরের সামনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার দুপুরে জনগণের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকরা হলেন- জাহেদুল ইসলাম প্রকাশ মানিক (২৪), মাসুদ আহমেদ (২২) ও মোহাম্মদ মানিক (২৫)।
খুলশী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে ৫/৬ জন ছিনতাইকারীর দুটি দল মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা করে রেলওয়ে জাদুঘরের সামনে ২/৩টি রিকশার যাত্রীদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। তারা এ সময় একটি প্রাইভেট কার ছিনতাইয়েরও চেষ্টা করে। অস্ত্রের মুখে চালককে গাড়ি থেকে বের করে দিয়ে দলের একজন সেটা নিয়ে পালানোর চেষ্টা করলে লোকজনের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তিনজনকে উদ্ধার এবং একটি মোটর সাইকেল আটক করে। তবে দলের অস্ত্রধারী অপর সদস্যরা পালিয়ে যায়।
তিনি জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24