ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে চারটি এ ৩৩০ উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে ইউরোপের এয়ারবাস কোম্পানি।
মঙ্গলবার এয়ারবাস প্রতিনিধি দলের সঙ্গে দিনভর বৈঠক শেষে সন্ধ্যায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "এয়ারবাস তাদের নতুন ধরনের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে। পুরো প্রস্তাবনা আগামীকালের (বুধবার) বৈঠকে তুলে ধরা হবে। এয়ারবাসের প্রস্তাবটি যাচাই করে দেখতে আমরা খুবই আগ্রহী।"
বৈঠকে উপস্থিত বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিনিধি ক্যাপ্টেন শাহে আলম জানান, এয়ারবাস বিমানকে প্রাথমিক পর্যায়ে চারটি এ ৩৩০ নতুন উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দিয়েছে। ২০১৩ সাল নাগাদ এই সুপরিসর উড়োজাহাজগুলো তারা সরবরাহ করতে পারবে।
এয়ারবাস ছোট আকৃতির এ ৩২০ উড়োজাহাজ লিজ দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও তিনি জানান।
বিমান কর্মকর্তারা জানান, ১৯৯৮ সালের শেষ দিকে এয়ারবাস কোম্পানি বিমানের কাছে একদফা উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দেয়। তবে সে সময় নতুন উড়াজাহাজ কেনার কোনো পরিকল্পনা বিমানের ছিল না।
এছাড়া, গত বছর ২৮ নভেম্বর বোয়িং কোম্পানি আটটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিলে বিমান চারটি কেনার বিষয়ে আগ্রহ দেখায়।
বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কেনার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে এম এ মোমেন বলেন, "বিমান পরিচালনা পর্ষদ এখনও বোয়িং কোম্পানির কাছ থেকে চারটি উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। উড়োজাহাজ কেনার বিষয়ে এতো দ্রুত সিদ্ধান্ত হয় না।"
বিমানের পরিকল্পনায় রয়েছে, ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উড়োজাহাজ কিনে পর্যায়ক্রমে পুরনো উড়োজাহাজগুলোকে বিক্রি করা।
কর্মকর্তারা জানান, বিমানের পাঁচটি ডিসি - ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ - ২৮ উড়োজাহাজ অন্তত ১৫ থেকে ২৫ বছরের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো ছোটখাট যান্ত্রিক ত্র"টির কারণে বিকল হয়ে পড়ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এসএনডি/২০২৩ ঘ.
bdnews24