বরিশাল, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান যুবক এর বরিশাল শাখার দুই কর্মকর্তা এবং তিন কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির এক গ্রাহক।
সোমবার বিকালে বরিশাল শহরের চরবানা এলাকার জাহানারা বেগম বরিশালের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। হাকিম মঈন উদ্দিন ইসলাম মামলাটি আমলে নিয়ে যুবক এর জেলা সমন্বয়কারী হারুন-আর-রশিদ, সদস্য সচিব আবদুস ছালামসহ পাঁচ আসামিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দেন।
অপর আসামিরা হলেন কোহিনুর বেগম, মাসুম হাওলাদার এবং আবদুল মজিদ হাওলাদার।
জাহানারা বেগমের অভিযোগ, আসামিরা তাকে যুবক এ গ্রাহক করে প্রতারণার মাধ্যমে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এজাহারে বলা হয়, গ্রাহক হিসেবে বাদি কিস্তিতে যুবক এ টাকা জমা দিতেন। যার পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৯৪ হাজার টাকায়। ওই টাকা ২০০৭ সালের ১১ ফেব্র"য়ারি বাদিকে ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা তা দেয়নি। উপরন্তু তাকে ঘোরাতে থাকে। দীর্ঘ দিন ঘুরেও টাকা না পেয়ে বাদি আদালতের দ্বারস্ত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24