চাঁদপুর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের হকার্স মার্কেটের সামনে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে সোমবার রাতে তেলবাহী একটি লরির নিচে চাপা পড়ে মোহাম্মদ কালু (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।
কালু শহরের পালবাজারের মাংস ব্যবসায়ী সোহরাব হোসেনের ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেঘনা অয়েল কোম্পানির লরিটি কুমিল্লা থেকে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় যাচ্ছিল। রাত ৯টার দিকে হকার্স মার্কেটের সামনে এটি কালুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কালু মারা যায়।
পুলিশ লরিটি আটক করে থানায় নিয়ে গেছে এবং চালক ইউসুফ (৪০)কেও আটক করা হয়েছে।
ইউসুফের বাড়ি হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায়।
ইউসুফ পুলিশকে জানায়, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হেডলাইটের আলোর কারণে তিনি ওই কিশোরকে দেখতে পাননি। ফলে ওই দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৫৯ ঘ.
bdnews24