খুলনা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে করা মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সোমবার প্রথম দিন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিউদ্দিন মামলার বাদী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সাক্ষ্য নেন। এসময় মেয়র আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে বাদীকে জেরা করেন অ্যাডভোকেট সরদার ইউনুস, আব্দুল মালেক, মোস্তফা ইউনুস ও নূরুল হাসান রুবা।
বাদীর সাক্ষ্য নেওয়ার এক পর্যায়ে কাঠগড়ায় বসা মেয়র অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত খুলনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলায় হাজিরা দিতে সিটি মেয়রকে রোববার রাতে ঢাকা থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।
গত বছর ২ ডিসেম্বর সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে মেয়রের খুলনার গগন বাবু রোডের বাসভবনে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও দেশি-বিদেশী মদ উদ্ধার করে।
তার বিরুদ্ধে চাদাঁবাজি, মাদক ও অস্ত্রসহ ১১টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24