ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চান পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ।
সোমবার ঢাকা মহানগর পুলিশের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশকে আমরা আর আগের চেহারায় দেখতে চাই না। পুলিশ বাহিনী হবে মানুষের পুলিশ, জনগণের পুলিশ।"
১ ফেব্র"য়ারি ঢাকা মহানগর পুলিশের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের সাবেক মহা পরিদর্শক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান, সাবেক মহা পরিদর্শক আশরাফুল হুদা ও র্যাব মহা পরিচালক হাসান মাহমুদ খন্দোকারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহম্মেদ বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা মহানগর পুলিশ নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করছে। পুলিশ হয়রানির কারণ চিহ্নিত করে প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে দু'হাজার কর্মকর্তাকে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।"
নাইম আহম্মেদ আরো বলেন, "পরিবর্তন প্রক্রিয়ায় আমাদের লক্ষ্য হচ্ছে পুলিশকে সেবাধর্মী, দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করা, সব ধরনের হয়রানি বন্ধ, বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে কার্যকর করা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের স
bdnews24