২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব থেকে শ্রমিকদের লাশ আনায় অনিশ্চয়তা

সড়ক দুর্ঘটনায় নিহত ১২ বাংলাদেশীর লাশ সৌদি আরব থেকে দেশে আনার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মৃতদেহগুলো ফেরত আনা বেশ ব্যয়সাপেক্ষ এবং প্রক্রিয়াও জটিল। মৃতদেহ দেশে আনতে বিমান খরচ কে যোগাবে তা এখনো ঠিক হয়নি। জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

কামরান রেজা চৌধুরী জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় নিহত ১২ বাংলাদেশীর লাশ সৌদি আরব থেকে দেশে আনার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মৃতদেহগুলো ফেরত আনা বেশ ব্যয়সাপেক্ষ এবং প্রক্রিয়াও জটিল। মৃতদেহগুলো দেশে আনতে বিমান খরচ কে যোগাবে তা এখনো ঠিক হয়নি। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক সুপ্রদীপ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করতে পারেননি কখন মৃতদেহগুলো দেশে আনা সম্ভব হবে।" রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এর আগে গণমাধ্যমকে জানিয়েছিল, নিহতদের লাশ আগামী বৃহস্পতিবার মধ্যে দেশে পাঠানো হবে। সুপ্রদীপ চাকমা জানান, একজন যাত্রীর ভাড়ার তুলনায় মৃতদেহ বহনের জন্য এয়ারলাইনসগুলো তিনগুণ বেশি অর্থ নিয়ে থাকে। তাছাড়া হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করাটাও বেশ কঠিন। তিনি বলেন, "মৃতদেহগুলো দেশে আনার ব্যয় বহনের মতো তহবিল বাংলাদেশ দূতাবাসের নেই। কে এই ব্যয় বহন করবে সে ব্যাপারেও অনিশ্চয়তা আছে।" ওই শ্রমিকদের কোম্পানি তাদের লাশ দেশে পাঠানোর ব্যয়ভার বহন করবে কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি। গরিব এই শ্রমিকদের লাশ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া ডেস্কের মহাপরিচালক খন্দকার আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৃতদেহগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়াটি জটিল। এটা বলা কঠিন কখন মৃতদেহগুলো দেশে আনা হবে।" বাংলাদেশে লাশ আনার জন্য প্রথমে পরিবারের সদস্যদের বাংলাদেশ মিশনে আবেদন জানাতে হবে। মৃহদেহের ময়না তদন্ত শেষ হওয়ার পর হাসপাতাল থেকে 'ডেথ সার্টিফিকেট' নিতে হবে। এর পর সেটা বাংলাদেশ মিশনে জমা দিলে মিশন মৃতকে বাংলাদেশী হিসেবে নিশ্চিত করবে। এর পরই এয়ারলাইনসগুলো লাশ বহনে রাজি হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দাম্মামে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ১১ বাংলাদেশী। পরে মারা যান আরও একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২০১৭ ঘ.