২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবি'র আন্তর্জাতিক কল একমাসে অনেক কম, সন্দেহ ভিওআইপি-কে

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) আন্তর্জাতিক ইনকামিং কলের সংখ্যা গত এক মাসে অনেক কমে গেছে। এর জন্য অবৈধ ভিওআইপি ব্যবহারের মধ্যেমে কল টার্মিনেশনকেই দায়ী করছেন বিটিটিবি'র কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) আন্তর্জাতিক ইনকামিং কলের সংখ্যা গত এক মাসে অনেক কমে গেছে। এর জন্য অবৈধ ভিওআইপি ব্যবহারের মধ্যেমে কল টার্মিনেশনকেই দায়ী করছেন বিটিটিবি'র কর্মকর্তারা। বিটিটিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিটিবির প্রযুক্তির উন্নয়ন করা হয়েছে। বৈদেশিক কলের সহজ প্রবেশের জন্য এখন আইটিএক্স- ৬ ব্যবহার করা হচ্ছে। এতে বিদেশ থেকে কলের সংখ্যা বেড়ে যাওয়ার কথা থাকলেও গত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে ইনকামিং কল কমেছে। অবৈধ পথে কল আসাই এর জন্য দায়ী।" তিনি বলেন, ভিওআইপির বিরুদ্ধে অভিযানের পরও কল কমে যাওয়ার ঘটনা প্রমাণ করে এখনও দেশে বেশ ভালোভাবেই ভিওআইপির ব্যবহার হচ্ছে। বিটিটিবির হিসাবে ডিসেম্বর মাসে ইনকামিং কলের মোট সময় ছিল ৩৭ কোটি ১৫ লাখ ৪২ হাজার ২৫২ মিনিট। জানুয়ারি মাসে তা কমে হয়েছে ৩৩ কোটি ৮৬ লাখ ১৭ হাজার ৫৭৩ মিনিট। অর্থ্যাৎ এক মাসের ব্যবধানে কমে গেছে ৩ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৬৭৯ মিনিট । বিটিটিবির মহা ব্যবস্থাপক (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) লেফন্টেন্যান্ট কর্নেল জিয়া সফদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিটিবির কলের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অবৈধ কল টার্মিনেশন বেড়েছে। মাসের ব্যবধানে কলের সময় কমবেশি হয়। কিন্তু এত ব্যবধান থাকে না।" অবৈধ কল টার্মিনেশন রোধে শিগগিরই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিটিটিবির কর্মকর্তারা জানান, মূলত ইনকামিং কলেই টার্মিনেশন হয়ে থাকে। অবৈধ পথে আসা কল বিটিটিবির গেটওয়ে দিয়ে না ঢুকে অবৈধ গেটওয়ে দিয়ে ঢুকছে। এ কারণে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সব মিলিয়ে ভিওআইপি খাতে ৬ হাজার কোটি টাকার ব্যবসা হয় বলে বিটিটিবির কর্মকর্তাদের ধারণা। ২০০৬ সালে ডিসেম্বর মাসে বিটিটিবি অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানের শুরুতে বিটিটিবির কলের পরিমাণ বেড়ে গিয়েছিল। ওই সময় প্রতিদিন কল-সময় গড়ে ৩ দশমিক ৫ মিলিয়ন মিনিট থেকে বেড়ে ১১মিলিয়ন মিনিটে গিয়ে দাঁড়ায়। বর্তমানে র‌্যাব, বিটিআরসি, টেলিটক ও বিটিটিবির সদস্যদের সমন্বয়ে একটি কমিটি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সা