ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী সচিব ডোনাল্ড ক্যাম্প মনে করেন, যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিৎ।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এটি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
অধিকাংশ রাজনৈতিক দল জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে, এ অবস্থায় তিনি কি মনে করেন জানতে চাইলে ডোনাল্ড ক্যাম্প সাংবাদিকদের বলেন,"জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়া উচিৎ।"
তিনি জানান সিইসি-এর সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠকে নির্বাচনের অগ্রগতি নিয়ে তাদের কথা হয়েছে।
এর আগে ডোনাল্ড ক্যাম্প প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তাকে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন."প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/কিউএইচ/এমএ/১৫১৭ঘ.
bdnews24