ঝিনাইদহ, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-যশোর সড়কের চুটলিয়ায় রোববার সকালে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এরা হলেন- পিকআপ ভ্যানের সহকারী শাহিন হোসেন ও লাইনম্যান শাহিন রহমান।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মুরাদ জানান, ঠাকুরগাঁও থেকে মুরগী নিয়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন-১১-০৫৫০) সাতক্ষীরার কলারোয়া যাচ্ছিল। চুটলিয়াতে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুই জন মারা যান।
এ ব্যাপারে ঝিনাইদহ থানায় মামলা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, মধুখালী উপজেলার মাঝিবাড়ীতে দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নাফিউর রহমান জানান, বাসটি (ঢাকা- মেট্রো-ব ১৪১৫২৪) ফরিদপুর যাচ্ছিল। সংঘর্ষে ট্রাকের সহকারী শহীদ মণ্ডল (৩৮) ঘটনাস্থলেই মারা যান। বাস চালক মোক্তার হোসেনকে (৫৭) আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ট্রাক ও বাস উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, সদর উপজেলার মঘীর ঢালে শনিবার রাতে মাগুরা-যশোর সড়কে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় ওহিদুর রহমান (৩০) নামে এক পথচারী নিহত হন। সাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসের ধাক্কায় ওই পথচারী মারা যান। বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হন।
সদর থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমান জানান, বাসটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24