২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকারনির্বাচনের দিনক্ষণ জানতে আরও ৭ মাস অপেক্ষা করতে হবে: সিইসি

ভোটার তালিকা চূড়ান্তের আগে সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না নির্বাচন কমিশন। এ জন্য আরও সাত মাস অপেক্ষায় থাকতে হবে। তবে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন এপ্রিল থেকেই শুরু হচ্ছে। আর নির্বাচনী আইন সংস্কারে বিএনপির সঙ্গে আলোচনায় দেরি হলে অন্য দলগুলোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের আলোচনা সেরে রাখবে ইসি। দলগুলোর নিবন্ধনের সময়সীমা প্রয়োজনে তফসিল ঘোষণা পর্যন্তও বাড়ানো হতে পারে। নির্বাচন কমিশন পুনর্গঠনের বছর পূর্তির আগ মুহূর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সাক্ষাৎকার নিয়েছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 10:57 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগে সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচনের সময়সূূচি জানতে আরও অন্তত সাত মাস অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন এপ্রিল থেকেই শুরু হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে মে মাসে। আর নির্বাচনী আইন সংস্কারে বিএনপির সঙ্গে আলোচনায় দেরি হলে অন্য দলগুলোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের আলোচনা সেরে রাখবে ইসি। রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা প্রয়োজনে তফসিল ঘোষণা পর্যন্তও বাড়ানো হতে পারে। নির্বাচন কমিশন পুনর্গঠনের বছর পূর্তির ঠিক আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। গত এক বছরে নির্বাচন কমিশনের প্রাপ্তি, কাজের মূল্যায়ন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা নিয়ে রোববার সকালে নিজ কার্যালয়ে সিইসির সঙ্গে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরী। সিইসি জানান, বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চায়। আর এক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা রয়েছে। জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন জানিয়ে এটিএম শামসুল হুদা বলেন, "প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতি চালুর সুপারিশ করবো। সেই সঙ্গে আমাদের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরবো।" ১১ জানুয়ারির পট পরিবর্তনের পর ২০০৭ সালের ফেব্র"য়ারির শুরুতেই নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু হয়। সাবেক সচিব এটিএম শামসুল হুদা সিইসি পদে শপথ নেন ৫ ফেব্র"য়ারি। একই দিন সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইনও শপথ নেন নির্বাচন কমিশনার হিসাবে। ১৩ ফেব্র"য়ারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেনকে নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। চূড়ান্ত ভোটার তালিকা হাতে না আসা পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা আইনসিদ্ধ নয়- মন্তব্য করে এটিএম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে দিন তফসিল ঘোষণা হবে; সে দিন রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা চাইলে তা দিতে হবে। এখন যদি দিনক্ষণ বলি, তাহলে ভোটার তালিকা দেবো কোত্থেকে?" তিনি জানান, সম্ভাব্য ৮ কোটি ভোটারের ছবিসহ পূর্ণাঙ্গ ভোটার তালিকার খসড়া আগামী জুন মাসের মধ্যে শেষ হতে পারে। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা চূড়ান্ত করার পর পাঁচ কপি করে মুদ্রণ করতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, "রাজনৈতিক দল ও বিভিন্ন মহল থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা তফসিল দাবি করা হলেও আগামী আরও সাত মাস অপেক্ষা করতে হবে।" তবে ২০০৮ সালের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে বলে জানান সিইসি। তিনি জানান, পর্যায়ক্রমে ভোটার তালিকার কাজ চলছে বলে অগ্রাধিকার ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে নির্বাচনের কথা ভাবা হচ্ছে। শামসুল হুদা বলেন, "আগামী এপ্রিল মাসে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনসহ আরও সাতটি পৌরসভায় নির্বাচন হবে। এরপর মে মাসে হবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ আরও কিছু পৌরসভায়ও নির্বাচন হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন হবে না।" উপজেলা নির্বাচন ২০০৮ সালেই হবে বলে জানিয়েছেন সিইসি। তবে তা সংসদ নির্বাচনের সঙ্গে এক দিনে হবে, না আলাদাভাবে হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান তিনি। নির্বাচনী আইন সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সিইসি বলেন, "বিএনপির সঙ্গে সংলাপ বাকি আছে। আশা করি, ১২ ফেব্র"য়ারি আদালতে এ বিষয়টি নিষ্পত্তি হবে। যদি তাতে দেরি হয়, তাহলে অন্য দলগুলোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের আলোচনা সেরে রাখা হবে।" তবে বিএনপির সঙ্গে আলোচনার পরই গণপ্রতিনিধিত্ব আদেশ-২০০৭ এর চূড়ান্ত অনুমোদন করা হবে বলে তিনি জানান। নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক বলে জানান সিইসি। প্রস্তাবিত 'নির্বাচনী আইন ও রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা' প্রণয়নে দেরি হওয়ায় রোডম্যাপ অনুযায়ী আগামী জুনের মধ্যে দলগুলোর নিবন্ধিত হওয়ার সময়সীমা যথেষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, "নিবন্ধনের শর্ত পূরণ করতে অনেক দলকে তাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে হতে পারে। সাংগঠনিক প্রয়োজনে সময়ও লাগতে পারে। সেক্ষেত্রে দলগুলো আহ্বান জানালে নিবন্ধনের সময় বাড়তে পারে। প্রয়োজনে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত সময় দেওয়া যায়।" সিইসি বলেন, "আগামীকাল (সোমবার) বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এপ্রিলে অনুষ্ঠেয় সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতি চালুর সুপারিশ করবো। ইসির পক্ষ থেকে সর্বোচ্চ সুপারিশই থাকবে। সেই সঙ্গে আমাদের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরবো।" সিইসি পদে শপথ নিয়েই এটিম শামসুল হুদা বলেছিলেন, "নির্বাচন কমিশনকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যা নিয়ে জাতি গর্ব করতে পারে।" বছর শেষে ওই কথারই প্রতিধ্বনি তুলে তিনি বলেন, "বর্তমান কমিশন দেশবাসীকে তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করেছে। সেই সঙ্গে সার্বিক কার্যক্রম-কর্মপরিকল্পনার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা রয়েছে। আমি দৃঢ় আশাবাদী, নির্বাচন কমিশনকে আমরা গর্ব করার মতো প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো।" এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে সিইসি বলেন, "ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এক বছরে অভ্যন্তরীণ সংস্কার, নির্বাচনী সংস্কার বিষয়ে আলোচনা, ভোটার তালিকা কার্যক্রম শুরুসহ ইসি যা করতে চেয়েছে, তাই পেরেছে।" দেশের ৩ কোটিরও বেশি ভোটারকে ডিজিটালাইজড পদ্ধতির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে শামসুল হুদা বলেন, "এ ঐতিহাসিক ভোটার তালিকা ও তথ্যভাণ্ডার জাতির এক স্থায়ী সম্পদ হবে। যা আগামীতে কেউ বিনষ্ট, বিকৃত ও হরণ করতে পারবে না। সেনাবাহিনীর সহায়তা ও পৌনে দুই লাখ প্রশিক্ষিত অপারেটরের সম্পৃক্ততায় এ কাজটি বর্তমান কমিশনের বিশেষ অবদান।" নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের পথে চলতি মাস খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে সিইসি বলেন, "নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রাথমিক ঘোষণা, বিএনপি ও দ্বিতীয় রাউন্ডের সংলাপ, স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশনে খসড়া ভোটার তালিকা প্রকাশসহ নানা বিষয় এখন একীভূত হয়েছে। আশা রাখি, সময় মতোই সব শেষ হবে।" নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশের কপি রোববার হাতে আসবে জানিয়ে তিনি বলেন, "এতে কোনও অসামাঞ্জস্য থাকলে আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টাকে তা জানাবো। আর স্বতন্ত্র ইসি সচিবালয় প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণমুক্ত নির্বাচন কমিশনের বিষয়ে সরকারও আন্তরিক।" সাক্ষাৎকারের শেষ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নবম জাতীয় সংসদ নির্বাচনসহ কমিশনের সব কার্যক্রমে রাজনৈতিক দলগুলোসহ সবার সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এমএ/১৬২৭ঘ.