রংপুর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করে ও দারিদ্র্য বিমোচন প্রকল্প গ্রহণের মাধ্যমে মঙ্গাকে চিরতরে নির্বাসনে দিতে হবে। তিনি বলেন, "মঙ্গার ব্যাপারে সরকারের নিবিড় দৃষ্টি রয়েছে।"
মঙ্গা মোকাবেলায় সাময়িক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, "নিজের এলাকা ছাড়াও প্রয়োজনে দেশের বাইরে কর্মসংস্থান সৃষ্টি করে এই পরিস্থিতি মোকাবেলা করতেই হবে।"
রোববার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরে স্থানীয় কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গঙ্গাচড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, মঙ্গা মোকালোয় জন্য এবার এই মৌসুমে রংপুরের জন্য এক লাখ ৪০ হাজার ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলায় দেওয়া হয়েছে ৩০ হাজার। কার্ডধারীরা সবাই মাসে ১৫ কেজি করে আগামী পাঁচ মাস চাল পাবেন।
রংপুরে এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করায় সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, "এটা আনন্দদায়ক ও উৎসাহব্যাঞ্জক। এর মাধ্যমে একদিকে কৃষকদের আয় বৃদ্ধি পাবে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানের চাহিদা মেটাতে সক্ষম হবে।"
তিনি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়াসহ কৃষি কর্মকর্তাদের তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
এই অঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন।
তিনি বলেন, বোরো ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে যাতে আরও বেশি করে বিদ্যুতের ট্রান্সফরমার সংগ্রহ করে সেচ কাজ নিরবচ্ছিন্ন রাখা যায়।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষ বিদেশে কর্মসংস্থানের তেমন কোন সুযোগ পায়নি। এ জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করে তাদের বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে।
রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কর্মাস সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুল ইসলাম, স্থানীয় গঙ্গাচড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সাজু আহাম্মেদ লাল, ব্র্যাকের ব্যবস্থাপক নুরে আলম সরকার, ইমাম নুর নবী আনছারী, কৃষক মজিবর রহমান, গঙ্গাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা খাতুন প্রমুখ।
স্থানীয়রা গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা, পাইপ লাইন স্থাপন করে গ্যাস সরবরাহের দাবি জানান।
মতবিনিময় সভার পর প্রধান উপদেষ্টা দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করেন।
ড. ফখরুদ্দীন আহমদ শনিবার দু দিনের সফরে রংপুর আসেন। সার্কিট হাউসে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর শনিবার দুপুরে তিনি মিঠাপুকুর উপজেলা সদরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24