২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: ফখরুদ্দীন

রংপুরে একটি পূর্র্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও উত্তরাঞ্চলে সার্বিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর বাইরে এর প্রথম বৈঠকে উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নেয়। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে একটি পূর্র্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও উত্তরাঞ্চলে সার্বিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর বাইরে এর প্রথম বৈঠকে উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নেয়। শনিবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউজে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ বলেন, তারা সরকারকে জনগণের দোরগোড়ায় নিয়ে এসে এর মাধ্যমে এ আস্থাই সৃষ্টি করতে চান যে ,সব পরিস্থিতিতে সরকার তাদের পাশে রয়েছে।'' প্রধান উপদেষ্টা জানান, উত্তরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই বলে রংপুরে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। শিক্ষাক্ষেত্রে এ অঞ্চল পিছিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত স্থানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্তের কথাও জানান। আমাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানান, শনিবার সন্ধ্যায় সার্কিট হাউজের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা আরও জানান, মঙ্গার বহুমাত্রিক সমস্যা নিরসনে দ্রততর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রংপুর বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমিটি গঠন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রধান উপদেষ্টার সচিবকে দায়িত্ব প্রদান, সৈয়দপুর, ঈশ্বরদী ও ঠাকুরগাঁও বিমানবন্দর সচল করা, বিরল বাংলাবন্দ ও সোনাহাট স্থল বন্দরগুলোকে কার্যকর করার পদক্ষেপ নেওয়া এবং সেচ ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা। ফখরুদ্দীন আহমেদ বলেন, '' উত্তরবঙ্গের জেলাগুলো দেশের অন্য জেলার তুলনায় যথেষ্ট পিছিয়ে আছে। এই অঞ্চলের অর্থনীতি এখনও অনেকটা অবিকশিত রয়ে গেছে। এই অঞ্চলের বেকারত্বের হার বেশি। এই সামগ্রিক চিত্র বিবেচনায় রেখে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।'' বিফ্রিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে রংপুর সার্কিট হাউজে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ হেলিকপ্টারযোগে সকালে রংপুর পৌঁছান। উপদেষ্টা পরিষদের বৈঠক উপলক্ষে রংপুরে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়। প্রধান উপদেষ্টা বিকালে মিঠাপুকুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের এক সমাবেশেও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসকে/২২০০ঘ.