২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় খাদ্য সংকটে ১০ দিনে মারা গেছে ২৫০ গবাদি পশু

"মোর একডা গাভী কয়দিন খাড়াইতে পারত না। তিনদিন আগে কাঁপতে কাঁপতে মইরা গেল। কোন পশু-ডাক্তার আমাগো খবর লয় নাই। কি চিকিৎসা দেব- তাও কেউ কয় নাই। গরু পাইল্যা আমরা কি দোষ করছি- কন্?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "মোর একডা গাভী কয়দিন খাড়াইতে পারত না। তিনদিন আগে কাঁপতে কাঁপতে মইরা গেল। কোন পশু-ডাক্তার আমাগো খবর লয় নাই। কি চিকিৎসা দেব- তাও কেউ কয় নাই। গরু পাইল্যা আমরা কি দোষ করছি- কন্?" এই ক্ষোভ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের নিরঞ্জন তালুকদারের। তার মত একই অবস্থা সিডর-বিধ্বস্ত কোটালীপাড়া উপজেলার ১২ টি ইউনিয়নের চাষীদের। এ এলাকার অধিকাংশ গরু খাদ্যের অভাবে হাড্ডিসার হয়ে গেছে। ঢলে পড়ছে মৃত্যুর কোলে। সিডরের পরে গো-খাদ্যের চরম সংকট, পুষ্টিহীনতা, বৃষ্টি ও শৈত্য প্রবাহের কারণে গত ১০ দিনে এ উপজেলায় ২৫০টি গবাদি পশু মারা গেছে। প্রতিদিনই গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পশু-সম্পদ অধিদপ্তর গবাদি পশু-মৃত্যুর সঠিক কারণ ও সংখ্যা নিরূপণ করতে এখনও এগিয়ে আসেনি। ঘূর্ণিঝড় সিডরের পর পশু-সম্পদ বিভাগ এ ব্যাপারে তাদের সতর্ক করেনি। গবাদি পশুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাদ্যও সরবরাহ করা হয়নি। একারণে তাদের এত বড় বিপর্যয় হয়েছে বলে তারা মন্তব্য করেন। কোটালীপাড়া উপজেলা পশু-সম্পদ কর্মকর্তা ডা কাজী রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত ২৫০ গরু, ছাগল ও ভেড়া মারা গেছে। খাদ্য সংকটের কারণে এলাকায় গবাদি পশুর অপুষ্টি দেখা দিয়েছে। আর এই কারণেই গবাদি পশু মারা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তবে তার কাছে মৃত গবাদি পশুর সঠিক তালিকা নেই বলে তিনি জানান। তার মতে, উপজেলায় রুগ্ন গরু-ছাগলের সংখ্যা প্রায় এক হাজার। দু'দফা বন্যা ও সিডরের পর পশ্চাতপদ কোটালীপাড়ার অনেক কৃষক তাদের পালের গাভী ও হালের বলদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অপেক্ষাকৃত দরিদ্র এই এলাকার অনেক কৃষক গবাদি পশু হারিয়ে এখন প্রায় নিঃস্ব। বান্ধাবাড়ী গ্রামের আজগর হাওলাদার, মোহম্মদ আলী, রেজাউল খান, নাগড়া গ্রামের রিপন জিরুল্লাহ, দেলোয়ার হোসেন মোল্লা, খাগবাড়ী গ্রামের কমল অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুধ বিক্রী করে সংসার চালাতেন। গরুগুলো মরে যাওয়ায় এখন তারা কিভাবে সংসার চালাবেন তা নিয়ে চিন্তিত। রামশীল ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস তার ইউনিয়নে ৫০ টি গরু মরে যাওয়ার তথ্য দিয়েছেন। বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বান্ধাবাড়ীতে শতাধিক গরু মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.