২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আ. লীগের সভায় গ্রেনেড হামলার কথা মুফতি হান্নান স্বীকার করেছে: পুলিশ

সিলেটের গুলশান সেন্টারে ২০০৪ সালে মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হরকাতুল জিহাদ চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

সিলেট, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গুলশান সেন্টারে ২০০৪ সালে মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হরকাতুল জিহাদ চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান জিজ্ঞাসাবাদে ওই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জুবায়ের আহমদ। ২০০৪ সালের ৭ আগস্ট সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাচলাকালীন গ্রেনেড হামলায় প্রাণ হারান সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, আহত হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ ২০ নেতাকর্মী। সিলেটের মেয়র বদরউদ্দিন কামরানও সে সভায় ছিলেন। সিআইডি কর্মকর্তা জুবায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সভায় মেয়র কামরানের ওপর হামলা চালাতে গ্রেনেড সরবরাহের কথা মুফতি হান্নান স্বীকার করেছে। সে জানিয়েছে, হরকাতুল জিহাদের কর্মীরা সে গ্রেনেড নিয়ে হামলা চালায়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম মুফতি হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে শনিবার বিকালে মুফতি হান্নানকে আদালতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৯ ঘ.